Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পাণ্ডুয়া: সমবায় নির্বাচনেও তৃণমূলের জয়ের ধারা অব্যাহত, বামেদের ছাপিয়ে গেল বিজেপি

পাণ্ডুয়ায় সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের ধারা অব্যাহত। সম্প্রতি প্রায় সাতটি সমবায়ের নির্বাচনে নিরঙ্কুশ গরিষ্ঠতায় বোর্ড দখল করেছে তৃণমূল। রবিবারও এল জয়।

পাণ্ডুয়া: সমবায় নির্বাচনেও তৃণমূলের জয়ের ধারা অব্যাহত, বামেদের ছাপিয়ে গেল বিজেপি
  • ৩০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পাণ্ডুয়ায় সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের ধারা অব্যাহত। সম্প্রতি প্রায় সাতটি সমবায়ের নির্বাচনে নিরঙ্কুশ গরিষ্ঠতায় বোর্ড দখল করেছে তৃণমূল। রবিবারও এল জয়। যদিও এদিন সব সমবায়ে জয় নিরঙ্কুশ হল না। এদিন পাণ্ডুয়ার চারটি সমবায়ের নির্বাচন ও ফলপ্রকাশ হয়েছে। তার মধ্যে দু’টিতে বিরোধীদের দাঁত ফোটাতে দেয়নি শাসক দল। অন্য দু’টিতে জয় পেলেও প্রায় ৪২টি আসন হাতছাড়া হয়েছে তাদের।

Advertisement

তাৎপর্যপূর্ণভাবে সিপিএমকে ছাপিয়ে বিরোধী হিসেবে উঠে এসেছে বিজেপি। আরও উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রথম পাণ্ডুয়ার কোনও সমবায়ে বিজেপি আসন দখল করতে পারল। রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। তার প্রাক্কালে এই ফলাফল নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। একদা বাংলার শেষ সিপিএম দুর্গ ছিল পাণ্ডুয়া। গত নির্বাচনে সেই দুর্গও হাতছাড়া হয়েছে। এবার একদা দুর্ভেদ্য সমবায়েও বিজেপির কাছে বামেদের পিছিয়ে পড়া নিয়ে চর্চা শুরু হয়েছে। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি তৃণমূলের পাণ্ডুয়া ব্লক সভাপতি আনিসুল ইসলাম। তিনি বলেন, ‘বামেরাই বিজেপিকে ভোট দিয়ে এগিয়ে দিয়েছে। তৃণমূলের ফল খারাপ হয়নি। ভোটও কমেনি। বরং বেড়েছে। কৃষকদের জন্য রাজ্য সরকারের বিপুল উন্নয়ন কর্মসূচির ফলেই আমরা আস্থা পেয়েছি। তাতেই চারটি সমবায় আমাদের দখলে এসেছে।’ তৃণমূলের আরেক নেতা, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, ‘জয় এলেও নির্বাচনী ফল পর্যালোচনা প্রয়োজন।’ বিজেপির রাজ্য নেতা স্বপন পাল বলেন, ‘কৃষিজীবী মানুষের মধ্যে আমাদের সমর্থন বাড়ছে। পাণ্ডুয়ার ফল সেই ইঙ্গিতই দিচ্ছে।’ সিপিএমের প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেন বলেন, ‘সমবায়ে দলের কোনও বিষয় থাকে না। তবুও আমরা এই ফল পর্যালোচনা করব।’
রবিবার মাগুরা সমবায়ের নির্বাচনে ৯টি আসনের সবগুলিই তৃণমূল সমর্থিত প্রার্থীরা পেয়েছেন। দে’পাড়া সমবায়ের ১২টি আসনের সবগুলিই রাজ্যের শাসক দলের দখলে গিয়েছে। নান্দীন সমবায়ের ৫০টি আসনের মধ্যে তৃণমূল ৩৪টি, বিজেপি ১৫টি ও বামেরা ১টি আসন পেয়েছে। পাকড়ি-রাধানগর সমবায়ের ৭৭টি আসনের মধ্যে তৃণমূল ৪৭টি, বিজেপি ১৩টি ও বামেরা ১৪টি আসন পেয়েছে। ওই সমবায়ের তিনটি আসনে ভোট হয়নি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ