নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর ক’টা দিন বুকস্টলে আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল সিপিএম। রাজ্য রাজনীতিতে যা এখন চর্চার বিষয়। এবার প্রতিরোধের সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বড়দিনের সময়ও কর্মী-সমর্থকদের সজাগ থাকার বার্তা দিচ্ছে সিপিএম। এই বিষয়ে খ্রিস্টানদের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলিমুদ্দিন স্ট্রিটে বৈঠকও হয়েছে।
রাজ্যের বিভিন্ন অংশ থেকে ইতিমধ্যেই খ্রিস্টানদের উপর বিচ্ছিন্ন আক্রমণের অভিযোগ আসছে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম কৃষ্ণনগরে দলীয় নেতৃত্বর সঙ্গে বৈঠকও করে এসেছেন। এই আবর্তে বড়দিন পর্বে ঠিক কীভাবে সজাগ থাকা হবে, সে বিষয়ে খোলসা করেননি সেলিম। তাঁর কথায়, ‘বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবার প্রতিনিধিরা আমাদের সঙ্গে বৈঠক করেছেন। কোথাও কোনও ঘটনা ঘটলে, আমরা ছাত্র-যুবদের সজাগ থাকতে বলেছি। বাঙালির বড়দিন বাঙালিই রক্ষা করবে।’
বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবার মুখপাত্র হেরোদ মল্লিক বলেন, শুধু সিপিএম নয়, কংগ্রেসের নেতৃত্বের সঙ্গেও তাঁরা কথা বলেছেন। এমনকি রাজ্য
সরকার এবং আরএসএসের প্রতিনিধিদের সঙ্গেও তাঁরা কথা বলতে চান। হেরোদ বলেন, ‘আমরা বলছি, ধর্মান্তকরণের যে অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসছে, তার তদন্ত হোক। প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। আমরা রাজ্য সরকারের কাছেও স্মারকলিপি দিয়েছি। আরএসএস প্রধান মোহন ভাগবতকেও চিঠি দিয়েছি।’
এদিকে, বড়দিনের সময় পার্ক স্ট্রিটেও বই বিপনি খোলে সিপিএম। সূত্রের খবর, এবার সেসব নয়া আঙ্গিকে করার পরিকল্পনা করছে তারা। লাল পোশাকের সান্তা ক্লজ সাজিয়েও বার্তা দিতে চাইছে সিপিএম।



