১৫ সেপ্টেম্বর, দুবাই: ধারে-ভারে এগিয়েই ছিলেন সূর্যকুমাররা। রবিবার কোনও বড় অঘটন ছাড়া ভারতের হার ছিল অসম্ভব। আর তেমন কোনও অঘটন হতেই দিলেন না অভিষেক, তিলক, সূর্যকুমাররা। এশিয়া কাপ ২০২৫-এর গ্রুপ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সহজ জয় পেল ভারত। প্রায় ৪ ওভার বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতল টিম ইন্ডিয়া।
এদিন শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সলমান আগারা। কিন্তু তা ব্যাক-ফায়ার হয় পাকিস্তানের জন্যই। কুলদীপ, অক্ষর ও বরুণের ঘূর্ণিতে কার্যত দুরমুশ হয়ে পড়ে পাকিস্তানের টপ অর্ডার। শাহিবজাদা ফারহানের ৪০ রান ছাড়া বড় রান পাননি পাকিস্তানের কোনও নামী ব্যাটারই। একটা সময় মনে হচ্ছিল ১০০-র গণ্ডিই পার করতে পারবে না পাকিস্তান। যদিও শেষে শাহিন আফ্রিদির ৩৩ রানে মুখরক্ষা হয় সলমানদের। ভারতের হয়ে ৩টি উইকেট নেন কুলদীপ। ২টি উইকেট নেন অক্ষর ও বুমারাহ এবং ১টি করে উইকেটে তুলে নেন হার্দিক, বরুণ।
পরে পাকিস্তানের দেওয়া ১২৮ রানের টার্গেট তাড়া করতে নেমে দারুণ শুরু করেন গিল ও অভিষেক। কিন্তু ১০ রানেই স্ট্যাম্পিং হয়ে প্যাভলিয়নে ফেরেন ‘প্রিন্স’। ৩১ রানে আউট হন অভিষেক শর্মাও। মিডল অর্ডারে ৩১ রান করেন তিলকও। তবে অধিনায়কোচিত ইনিংস উপহার আসে সূর্যকুমারের ব্যাট থেকে। ৪৭ রানে নটআউট থাকেন ভারতীয় ক্যাপ্টেন। ২৫ বল বাকি থাকতে ৭ উইকেটে সহজ জয় পায় মেন ইন ব্লু।