ওয়েলিংটন: টি-২০ এবং ওডিআই সিরিজে এসেছে সাফল্য। এবার কিউয়িদের দেশে দুই টেস্টের সিরিজ জেতাই লক্ষ্য ভারতের। ভারতীয় সময় বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটের সময় বেসিন রিজার্ভে শুরু প্রথম টেস্ট। যা আভাস, তাতে সবুজ উইকেটে ভারতকে চাপে ফেলাই লক্ষ্য নিউজিল্যান্ডের। অবশ্য পালটা দিতে তৈরি শুভমান গিল ব্রিগেডও। চার পেসার নিয়ে নামার ঘোষণা মঙ্গলবারই করে দিয়েছে টিম ইন্ডিয়া। ক্যাপ্টেন গিল সাফ বলেছেন, ‘নিশ্চিতভাবেই চার পেসার থাকবে প্রথম এগারোতে। আমাদের প্রত্যেক ফাস্ট বোলারই ছন্দে রয়েছে। তাই দল গড়া রীতিমতো মাথাব্যথার ব্যাপার।’
গিল যদিও স্পষ্ট করে জানাননি যে চার বিশেষজ্ঞ পেসারই দলে থাকবেন নাকি অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি হবেন চতুর্থ পেসার। তাঁর কথায়, ‘কোন চারজন পেসার খেলবে তা এখনই বলতে পারছি না। এখানে টেস্ট ম্যাচকে দু’ভাগে ভাগ করা যায়। প্রথম দু’দিন কন্ডিশন একেবারে অন্যরকম থাকে। কিন্তু তৃতীয় দিন থেকে পিচ পাটা হয়ে ওঠে। তখন হিট দ্য ডেক পেসারের প্রয়োজন পড়ে। সেটা মাথায় রাখছি।’ ভারতীয় শিবিরে ‘হিট দ্য ডেক’ পেসার রয়েছেন দু’জন— প্রসিদ্ধ কৃষ্ণ ও গুরনুর ব্রার। যা ইঙ্গিত, তাঁদের মধ্যে একজন খেলছেনই। যশপ্রীত বুমরাহও খেলবেন। মহম্মদ সিরাজকেও বাদ দেওয়া কঠিন।
গৌতম গম্ভীর কোচ থাকাকালীন আট নম্বরেও ব্যাটার খেলায় ভারত। সেই রীতি বজায় থাকলে অলরাউন্ডার নীতীশের আটে নামার সম্ভাবনা। কিন্তু এদিন গিলের কথায় অন্য ইঙ্গিত রয়েছে। তিনি বলেছেন, ‘আমরা সাতজন ব্যাটার খেলাতে চাইছি। তারপর আট ও নয় নম্বরে এমন কেউ যে ব্যাট করতে পারে। যেমন আকাশ দীপ ও অংশুল কম্বোজ। খেলতে পারে নীতীশও। ও পুরোপুরি ব্যাটসম্যান। কম্বিনেশন নিয়ে তাই ভাবনাচিন্তা চলছে।’ অর্থাৎ, আকাশ ও কম্বোজের মধ্যে অন্তত একজনের খেলার সম্ভাবনা যথেষ্টই। তবে আট নম্বর পর্যন্ত ব্যাটার রাখতে চাইলে খেলবেন নীতীশ। আর সাত ব্যাটারের মধ্যে একজন অবশ্যই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, যাঁর স্পিন টেস্টের দ্বিতীয় ভাগে রান আটকাতে ব্যবহার করতে চাইছে দল। ব্যাটিং লইন-আপ নিয়ে অবশ্য এত জল্পনার জায়গা নেই। ওপেনিংয়ে যশস্বী জয়সওয়ালের সঙ্গে লোকেশ রাহুল। পরপর দেবদত্ত পাদিক্কাল, গিল, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল ও জাদেজা।
এই টেস্ট সিরিজ জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হবে। দলের সকলেই ফিট, জানিয়েছেন গিল। এই তালিকায় কিপার ঋষভ পন্থও আছেন। নিউজিল্যান্ড অবশ্য পাচ্ছে না টি-২০ এবং ওডিআই সিরিজের ক্যাপ্টেন মিচেল স্যান্টনারকে। ডান হাতের চোটে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি। পরিবর্তে স্কোয়াডে এসেছেন ডিন ফক্সক্রফট। এর আগের সফরে ২০১৯-২০ মরশুমে টেস্ট সিরিজে ০-২ হেরেছিল ভারত। সেবারের ভুল থেকে শিক্ষা নিয়ে নামতে চাইছেন গিলরা।
খেলা শুরু বৃহস্পতিবার ভোর ৩-৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার সোনি নেটওয়ার্কে।



