শিবাজী চক্রবর্তী, কলকাতা: ঘোর সমস্যায় মহমেডান স্পোর্টিং। দীর্ঘদিন ধরেই আর্থিক সমস্যায় জর্জরিত রেড রোডের পাশের ক্লাব। এবার পরিস্থিতি কার্যত হাতের বাইরে। মাত্র ২,৯০,০৮৯ টাকা পড়ে রয়েছে ক্লাবের অ্যাকাউন্টে। এটাই শেষ সম্বল। ইনভেস্টর তো দূরের কথা, ম্যানেজমেন্ট চেষ্টা করেও শাঁসালো স্পনসর জোগাড়ে ব্যর্থ। ব্যক্তিগত উদ্যোগে কিছু লাইফ মেম্বারশিপ পাওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু সেভাবে সাড়া মেলেনি। ১৩৫ বছরের প্রাচীন ক্লাবে কান পাতলেই শোনা যাচ্ছে, এবার গেটে তালা পড়া স্রেফ সময়ের অপেক্ষা। একাধিক ফ্যানস ক্লাবকে আলোচনায় বসার আহ্বান করেছিলেন সচিব। তাতেও সুরাহা হয়নি। সচিব ওয়াসিম আক্রাম বললেন, ‘আমরা অসহায়। সদস্য, সমর্থক, প্রাক্তন ফুটবলাররা এগিয়ে এসে ক্রাউড ফান্ডিং না করলে ক্লাব বাঁচানো অসম্ভব।’ শতাব্দীপ্রাচীন ক্লাবের অন্ধকার দশায় প্রাক্তনরাও চিন্তিত। মুঠোফোনে শুনে মহম্মদ আকবর প্রায় আঁতকে উঠলেন। তাঁর মন্তব্য, ‘অবিলম্বে সবাই এগিয়ে আসুন। ক্লাব না বাঁচলে সব শেষ।’ অতনু ভট্টাচার্য বললেন, ‘ঐতিহ্যশালী ক্লাবের এমন পরিণতি ভাবনার বাইরে। মহমেডানকে বাঁচাতে যে কোনো উদ্যোগে পাশে থাকব।’
আইএসএল থেকে অবনমনের পর ইন্ডিয়ান ফুটবল লিগ (অতীতের আই লিগ) খেলছে সাদা-কালো ব্রিগেড। ট্রান্সফার ব্যান থাকায় কোনো বিদেশিকে সই করানো যায়নি। প্রথম দু’টি ম্যাচেই হেরেছে সৈয়দ রামনের দল। আগামী ২০ নভেম্বর হোম ম্যাচে মহমেডানের সামনে গোকুলাম। ম্যাচ কোথায় হবে তা নিয়েও ধোঁয়াশা। কল্যাণীতে মহিলা লিগ চলছে। মহমেডান কর্তাদের দাবি, নৈহাটিতে ফ্লাডলাইটের সমস্যা। সাদামাটাভাবে হোম ম্যাচ আয়োজনেও প্রায় ৫ লক্ষ টাকা প্রয়োজন। অ্যাওয়ে ম্যাচ খেলতে গেলে যাতায়াতের খরচ তো রয়েইছে। ফ্লাইটের টিকিটের ভাড়া, হোটেলের টাকা মেটানোই দায়। ফুটবলারদের বকেয়া প্রচুর। কোনোরকমে কিছু টাকা হাতে গুঁজে তাদের মাঠে নামানো হয়েছে। বাকি মরশুম কীভাবে চলবে তার উত্তর নেই। এছাড়া ক্লাব চালানোর খরচ তো রয়েইছে।



