গ্রিনকে রাখল কেকেআর, দিল্লি ছেঁটে ফেলল স্টার্ককে
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ক্যামেরন গ্রিনকে ছাড়ল না কলকাতা নাইট রাইডার্স। ২৫.২০ কোটিতে নেওয়া অজি অলরাউন্ডার প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও তাঁকে রেখেই পরের বারের দল গড়ছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। তবে মুস্তাফিজুর রহমান, মাথিশা পাথিরানাকে রাখা হয়নি। সোনালি-বেগুনি শিবিরের ছেড়ে দেওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন অজিঙ্কা রাহানে, রাচীন রবীন্দ্র, আকাশ দীপও। আসন্ন মরশুমে কে ক্যাপ্টেন হবেন নাইটদের সেটাই এখন দেখার। তবে আগামী ১৬ ডিসেম্বর আইপিএলের মিনি-নিলামে কেকেআরের পকেটে থাকবে বড়োসড়ো অঙ্ক (৪১.৬৫ কোটি টাকা)।

Advertisement

মঙ্গলবারই ছিল ‘রিটেইনড’ ক্রিকেটারদের তালিকা জমা দেওয়ার শেষদিন। সন্ধ্যায় জানা যায় যে দিল্লি ক্যাপিটালস রাখছে না অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে। ২০২৭ সালের কোটিপতি লিগে তাঁর খেলা নিয়ে সংশয় ছিলই। সেজন্যই দিল্লি ছেঁটে ফেলল তাঁকে। একইসঙ্গে অভিষেক পোড়েল, নীতীশ রানা, করুণ নায়ার, বেন ডাকেট, দুষ্মন্ত চামিরাকেও ছেড়েছে তারা।
সানরাইজার্স হায়দরাবাদ ছেড়েছে জেরাল্ড কোয়েৎজি, জয়দেব উনাদকাটকে। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স রাখেনি ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, গজনফরকে। অর্শদীপ সিং আসার পর চাহারের প্রয়োজনও নেই নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজির।
গত দু’বারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জ্যাকব বেথেলকে রিলিজ করেছে। হাঁটুর চোট পুরোপুরি সারেনি তাঁর। পাঞ্জাব কিংস রাখেনি লকি ফার্গুসন, মিচ ওয়েন, নেহাল ওয়াধেরাকে। তবে হার্দিক পান্ডিয়া দলে এলেও অজি অলরাউন্ডার মার্কাস স্টোইনিসকে ধরে রেখেছে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি। লখনউ সুপার জায়ান্টস ছেড়েছে আভেশ খান, অ্যানরিখ নর্তজে, ম্যাথু ব্রিটজকিকে। গুজরাত টাইটান্স রাখেনি ইশান্ত শর্মাকে। চেন্নাই সুপার কিংস ছেড়েছে ম্যাট হেনরি, ম্যাথু শর্ট, প্রশান্ত ভিরকে। রাজস্থান রয়্যালস ছেঁটে ফেলেছে শিমরন হেটমায়ার, অ্যাডাম মিলনে, তুষার দেশপান্ডেকে।