শুভেচ্ছার জোয়ার
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: ‘ধোনি, ধোনি’ শব্দব্রহ্মে আর কাঁপবে না চেন্নাই! মাহিকে একবার ছুঁতে আর ফেন্সিং টপকে মাঠে প্রবেশ করবেন না ‘পাগল ভক্ত’। আইপিএল থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি। লেখা ভালো, ব্যাট-প্যাড একেবারেই তুলে রাখলেন ‘থালা’। কারণ, জাতীয় দলকে ‘আলবিদা’ জানানোর পর কেবল আইপিএলেই খেলতেন তিনি। মঙ্গলবার সামাজিক মাধ্যমে চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে ধোনির অবসরের কথা জানানোর পর সেজন্যই ক্রিকেট মহলের চর্চায় শুধুই তিনি।

Advertisement

আইপিএলে অবশ্য অন্য ভূমিকায় দেখা যাবে মাহিকে। সিএসকে’র মেন্টর নিযুক্ত করা হয়েছে তাঁকে। কিন্তু ২২ গজে ব্যাট হাতে হেলিকপ্টার শটে আর ছক্কা হাঁকাবেন না তিনি। ক্রিকেট অনুরাগীদের মন খারাপ সেজন্যই। বিষণ্ণ সতীর্থ থেকে প্রাক্তন ক্রিকেটাররাও। সোশ্যাল মিডিয়ায় ইরফান পাঠান লিখেছেন, ‘একজন নেতা, ফিনিশার, চাপের মুখে শান্ত এবং ভারতীয় ক্রিকেটের বিশিষ্ট এক নাম। মহেন্দ্র সিং ধোনি, তোমার মতো আর কাউকে খুঁজে পাওয়া মুশকিল।’
ইরফানের পাশাপাশি ধোনিকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলে তাঁর এক সময়ের সতীর্থ শিখর ধাওয়ান। তিনি লেখেন, ‘অসাধারণ কেরিয়ারের জন্য ধোনি ভাইকে অভিনন্দন। তোমার লিডারশিপ, ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। তুমি খেলা ছাড়লেও ক্রিকেট তোমাকে ছাড়েনি।’ দীনেশ কার্তিক আবেগঘন ভিডিয়োয় বলেছেন, ‘ওয়েলকাম টু দ্য আদার সাইড, স্কিপ।’