নয়াদিল্লি, ১৮ নভেম্বর: নির্বাচন কমিশনের বিশেষ সংক্ষিপ্ত সংশোধন প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকা প্রকাশের পর একাধিক রাজ্যে ভোটার সংখ্যায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেল ইতিমধ্যেই। সবচেয়ে বেশি নতুন ভোটার যুক্ত হয়েছে উত্তরপ্রদেশে। সেইখানে ভোটার সংখ্যা বেড়েছে ১৮.৮৪ লক্ষ। অপরদিকে, পাঞ্জাবে নতুন ভোটার যুক্ত হওয়া এবং নাম বাদ যাওয়ার পর মোট ভোটার সংখ্যায় কোনো নিট পরিবর্তন হয়নি।
প্রাথমিক পর্যায়ে ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই সংশোধন প্রক্রিয়া চালানো হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকাগুলিতে মোট ভোটার সংখ্যা ৪৫.২২ কোটি থেকে বেড়ে ৪৫.৯৬ কোটিতে পৌঁছেছে। অর্থাৎ বৃদ্ধি প্রায় ১.৬৪ শতাংশ। ১৭ নভেম্বর খসড়া তালিকা প্রকাশ করেছে উত্তরপ্রদেশ। সেইখানে ভোটার সংখ্যা ১৩.৩৯ কোটি থেকে বেড়ে প্রায় ১৩.৫৮ কোটি হয়েছে। উল্লেখযোগ্য বিষয়, নতুন ভোটারদের মধ্যে ১১.৮৩ লক্ষের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে।
অপরদিকে, পাঞ্জাবে ভোটার সংখ্যা প্রায় ২.০১ কোটিতেই অপরিবর্তিত রয়েছে। উত্তরাখণ্ডে ১.১৯ লক্ষ এবং মণিপুরে ৩৩,৭৩৭ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন। গোয়ায় নতুন ভোটার বেড়েছে ৩১,৮১৫ জন। শতাংশের হিসেবে সর্বোচ্চ ৩.০১ শতাংশ বৃদ্ধি হয়েছে এই রাজ্যে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এইবার শুরু হয়েছে দাবি ও আপত্তি জানানোর প্রক্রিয়া। আগামী ৪ জানুয়ারি ২০২৭ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে।



