নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাধারণতন্ত্র দিবসের সরকারি ছুটির প্রাক্কালে হাওড়া ও শিয়ালদহের যাত্রীদের জন্য সুখবর। দেশের সুপ্রাচীন এই জোড়া স্টেশন থেকে নয়া দুই অমৃত ভারত এক্সপ্রেস আনন্দ বিহার ও বেনারস রুটে বাণিজ্যিক যাত্রা শুরু করতে চলেছে। আগামীকাল বৃহস্পতিবার হাওড়া থেকে প্রথমবার যাত্রী বোঝাই করে অত্যাধুনিক এই ট্রেনটি আনন্দ বিহারের উদ্দেশে যাত্রা করবে। সাপ্তাহিক এই ট্রেনটি প্রতি গুরুবারে রাত ১১টা ১০ মিনিটে ছাড়বে। ট্রেনটি শনিবার রাত ২টো ৫০ মিনিটে যাত্রীদের গন্তব্য স্টেশনে পৌঁছে দেবে। অন্যদিকে, আনন্দ বিহার স্টেশন থেকে সপ্তাহে প্রতি শনিবার ভোট সওয়া ৫টায় অমৃত ভারত এক্সপ্রেস হাওড়ার উদ্দেশে যাত্রা করবে। রবিবার সকাল ১০টা ৫০ মিনিটে ট্রেনটি গন্তব্যে পৌঁছাবে।
একইভাবে আগামী পরশু অর্থাৎ শুক্রবার বেনারস-শিয়ালদহ অমৃত ভারত এক্সপ্রেস প্রথম যাত্রী পরিষেবা শুরু করবে। ট্রেনটি সপ্তাহে তিনদিন চলাচল করবে। বেনারস থেকে শুক্রবার, রবিবার ও মঙ্গলবার যাত্রা করবে এই ট্রেনটি। ২৩ জানুয়ারি বেনারস থেকে রাত ১০টা ১০ মিনিটে অমৃত ভারত এক্সপ্রেস ছাড়বে। পরদিন অর্থাৎ শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে ট্রেনটি শিয়ালদহ স্টেশনে ঢুকবে। শিয়ালদহ-বেনারস অমৃত ভারত এক্সপ্রেস সপ্তাহে শনিবার, সোমবার ও বুধবার চলাচল করবে। সেই সূত্রে আগামী শনিবার শিয়ালদহ থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় যাত্রী বোঝাই করে গন্তব্যের দিকে রওনা দেবে ট্রেনটি। পরদিন সকাল ৭টা ২০ মিনিটে ট্রেনটি বেনারস ঢুকবে। ইতিমধ্যেই ট্রেন দুটির টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের টিকিটের চাহিদা তুঙ্গে। মঙ্গলবার থেকে হাওড়া-কামাখ্যা রুটের এই ট্রেনটি টিকিট বুকিং শুরু হয়েছে। একঘণ্টার মধ্যে সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। অন্যদিকে, শিয়ালদহের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার হিসেবে দায়িত্ব নিলেন সুনীলকুমার মাহালা। যশরাম মিনা দীর্ঘদিন এই পদে ছিলেন। তিনি পূর্ব রেলের সদর দপ্তরে আরও গুরুত্বপূর্ণ পদে বদলি হয়েছেন।