নয়াদিল্লি: অনলাইনে অর্থের বিনিময়ে গেম খেলা বন্ধ করতে আইন এনেছে কেন্দ্রীয় সরকার। তার জেরে বিপুল ক্ষতির মুখে পড়েছে বিসিসিআই, আইপিএল এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। বাদ নেই ক্রিকেটাররাও। হিসেব বলছে, প্রায় ২০০ কোটি টাকা লোকসান হবে রোহিত শর্মা, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনির মতো তারকাদের। ড্রিম ইলেভেনে বিজ্ঞাপনের মুখ হয়ে রোহিত বছরে প্রায় ৬-৭ কোটি টাকা পেতেন। সমপরিমাণ অর্থ রোজগার করতেন মহেন্দ্র সিং ধোনিও। এমপিএল থেকে কোহলির আয় ছিল বছরে ১০-১২ কোটি। এছাড়া ছোট-বড় অনেক ক্রিকেটারই বিভিন্ন অনলাইন গেমিং অ্যাপের হয়ে প্রচার করতেন। সব মিলিয়ে প্রায় ১৫০-২০০ কোটি পেতেন ক্রিকেটাররা। কিন্তু অনলাইন গেমিং বন্ধ হওয়ায় তা থেকে বঞ্চিত হবেন ক্রিকেটাররা।
শুধু তাই নয়, ড্রিম ইলেভেন, মাই ইলেভেন সার্কেলের মতো জনপ্রিয় ফ্যান্টাসি অ্যাপগুলি অর্থের বিনিময়ে অনলাইন গেমিং বন্ধ করতে বাধ্য হয়েছে। এই দুই সংস্থা ঘুরিয়ে ফিরিয়ে ভারতীয় ক্রিকেটে বিপুল অর্থ বিনিয়োগ করেছিল। কিন্তু ব্যবসা বন্ধ হওয়ায় তারা বিপাকে। চুক্তি থেকে সরে আসা ছাড়া উপায় নেই। ড্রিম ইলেভেন টিম ইন্ডিয়ার স্পনসর। তিন বছরে সাড়ে তিনশো কোটির বেশি দিয়েছে বিসিসিআইকে। তারা হাত তুলে নেওয়ায় নতুন স্পনসর খুঁজছে বোর্ড। এশিয়া কাপে সূর্যকুমারদের জার্সিতে কোনও স্পনসরের নাম থাকবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত।



