মুম্বই: ২০২৩ ওডিআই বিশ্বকাপের পরই গুরুতর চোট পেয়েছিলেন শ্রেয়স আয়ার। তাঁর একটি পা অসাড় হয়ে যায়। তারকা ক্রিকেটার ভেবেছিলেন, ক্রিকেট কেরিয়ার ডুবতে বসেছে। সম্প্রতি এক আলাপচারিতায় সেই ঘটনা সামনে আনলেন শ্রেয়স। তিনি বলেন, ‘আমি যে কী ভয়ানক যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছি, তা কেউ বোঝেনি। মেরুদণ্ডে চোট পেলে রড বসিয়ে সামাল দেওয়া যায়। কিন্তু স্নায়ু ছিঁড়ে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়ায়। আমার ক্ষেত্রে ঠিক সেটাই ঘটেছিল। চোটের জেরে অসাড় হয়ে গিয়েছিল একটা পা। আমি তো ভেবেছিলাম, আর হয়তো কোনওদিন খেলতে পারব না। অসহ্য যন্ত্রণায় গোড়ালি পর্যন্ত ফেলতে পারতাম না। সে এক ভয়ানক সময়।’ শেষ পর্যন্ত ইংল্যান্ডে গিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি সুস্থ হন বলে দাবি শ্রেয়সের।
সেই পর্বে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ না খেলায় বোর্ডের রোষানলে পড়েন মুম্বইয়ের ডানহাতি ব্যাটার। কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ দেওয়া হয় শ্রেয়সকে। পরে অবশ্য দারুণভাবে কামব্যাক করেন তিনি। অভিমানী শ্রেয়সের মন্তব্য, ‘লোকে ক্রিকেটারদের রোবট ভাবে। ধারণাটা এমন যেন সব ম্যাচ খেলতেই হবে। ক্রিকেটাররা কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা ভাবে না।’ গত আইপিএলে তাঁর নেতৃত্বে ফাইনাল খেলে পাঞ্জাব কিংস। কিন্তু দুরন্ত ফর্মে থাকা সত্ত্বেও এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হয়নি শ্রেয়সের। তার জন্য ঘরে বাইরে সমালোচনার মুখে পড়েন কোচ গৌতম ও নির্বাচকরা। সম্প্রতি তাঁকে ভারতীয় ‘এ’ দলের অধিনায়ক করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বোর্ড। এই প্রসঙ্গে শ্রেয়সের বক্তব্য, ‘এটা আমার নিয়ন্ত্রণে নেই। যেটা রয়েছে, তা হল ভালো পারফরম্যান্স মেলে ধরা। সুযোগ পেলে সেটাকে কাজে লাগানো।’