নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জুন মাস থেকে আর জি কর কাণ্ডে সাজাপ্রাপ্ত বন্দি সঞ্জয় রায়ের কাজের মজুরি জমা পড়বে তাঁর অ্যাকাউন্টে। একদা সিভিক ভলান্টিয়ার পদে কাজ করা আমৃত্যু সাজাপ্রাপ্ত এই বন্দির বর্তমান ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগারের ছয় নম্বর সেল। গত জানুয়ারি মাসে শিয়ালদহ আদালতে সাজা ঘোষণার পরই জেলে নিকাশি সহ বিভিন্ন সেল ও তার আশপাশ চত্বর সাফসুতরো করার কাজে লাগানো হয়েছিল এই বন্দিকে। এতদিন ‘ট্রেনি’ হিসেবে তিনি এই কাজ করতেন। তার জন্য কোনও মজুরি পেতেন না। এই কাজে পারদর্শী কয়েকজন বন্দি তাঁকে নিয়মিত প্রশিক্ষণ দিতেন। জেল সূত্রের খবর, প্রশিক্ষণের সেই পর্ব সম্পূর্ণ হয়েছে। ফলে এখন থেকে ৮০ টাকা করে দৈনিক মজুরি সরাসরি জমা পড়বে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কিছুদিন আগেই জেলের তরফে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে। সেখানেই জমা পড়বে এই বন্দির দৈনিক মজুরির টাকা।



