Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরানে ফের গ্রেফতার নোবেলজয়ী নার্গেস মহম্মদি, দাবি সমর্থকদের

নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গেস মহম্মদিকে ফের গ্রেফতার করল ইরান প্রশাসন! এমনটাই দাবি তাঁর সমর্থকদের। নার্গেসের নামে তৈরি সংস্থা বিষয়টি নিয়ে সরব হয়েছে।

ইরানে ফের গ্রেফতার নোবেলজয়ী নার্গেস মহম্মদি, দাবি সমর্থকদের
  • ১৪ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দুবাই: নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গেস মহম্মদিকে ফের গ্রেফতার করল ইরান প্রশাসন! এমনটাই দাবি তাঁর সমর্থকদের। নার্গেসের নামে তৈরি সংস্থা বিষয়টি নিয়ে সরব হয়েছে। শুক্রবার তারা জানিয়েছে, মাশদাদে এক আইনজীবীর স্মরণসভায় অংশ নিয়েছিলেন নোবেলজয়ী। অভিযোগ, সেখান থেকেই তাঁকে আটক করা হয়। সমর্থকদের দাবি, নিরাপত্তা বাহিনী ও পুলিশ জোর করে নার্গেসকে আটক করে। বহু সমাজকর্মীকেও গ্রেফতার করা হয়। নার্গেসের নাম না করলেও গ্রেফতারির বিষয়টি কার্যত মেনে নিয়েছেন স্থানীয় প্রশাসনও। মাশদাদ শহরের গভর্নর হাসান হোসেনির দাবি, শুধু কয়েকজনকে আটক করার নির্দেশ দেওয়া হয়েছিল। জনতার হাত থেকে তাঁদের বাঁচাতেই এই সিদ্ধান্ত। তাতে অবশ্য চিঁড়ে ভিজছে না। মাশা আমিনির মৃত্যু থেকে সমাজকর্মী ও বিশিষ্টদের উপর অমানবিক অত্যাচার। পরপর বিতর্কিত পদক্ষেপের জন্য তেহরানকে নিয়ে ক্ষিপ্ত বিভিন্ন মানবাধিকার সংগঠন। পরমাণু অস্ত্রভাণ্ডার নিয়ে আমেরিকার সঙ্গে তরজা জারি রয়েছে। ধুঁকছে অর্থনীতি। এই অবস্থায় নোবেলজয়ীর গ্রেফতারির খবর ঘিরে পরিস্থিতি ফের উত্তপ্ত হতে পারে। সব মিলিয়ে ঘরে-বাইরে চাপে খামেনেই, পেজেস্কিয়ান প্রশাসন। 

Advertisement


মহম্মদির গ্রেফতারি নিয়ে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে নরওয়ের নোবেল কমিটি। বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, ‘নার্গেসকে নিয়ে অবিলম্বে বিবৃতি দিক ইরানের প্রশাসন। তাঁর নিরাপত্তা নিশ্চিত করা উচিত। নোবেলজয়ীকে বিনা শর্তে মুক্তি দেওয়া হোক।’ নার্গেস ফাউন্ডেশনও দাবি করেছে, ‘স্মরণসভা থেকে আটক ব্যক্তিদের নিঃশর্তে ছেড়ে দেওয়া হোক। এই গ্রেফতারি স্বাধীনতার মৌলিক অধিকারের পরিপন্থী।’

Advertisement
সম্পর্কিত সংবাদ