নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষকে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য রাজ্য সরকারের। সেখানে সরকারি কাজে কোনওরকম টাকা-পয়সা নেওয়া হয় না। তা আরও একবার স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি বলেন, সরকার কোনও টাকা-পয়সা নিয়ে কাজ করে না। সেইসঙ্গে মুখ্যমন্ত্রীর পরামর্শ, যাদের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের কাজ রয়েছে, তাদের আরও উদ্যোগী হতে হবে। মন্ত্রীদের উপর ছেড়ে দিলে হবে না। কোনও বিষয়ের ফাইল যাতে দ্রুত ছাড়পত্র মেলে তার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থাকে আরও উদ্যোগী হতে হবে। তবে মুখ্যমন্ত্রী আক্ষেপ করেছেন, কাউকে কোনও কাজের নির্দেশ দিতে আমি ভুলে গেলে, সেও ভুলে যায়। নিচুতলা থেকে অনেকসময় ফাইল আসে না। তবে মন্ত্রী অরূপ বিশ্বাস যথেষ্ট উদ্যোগ নিয়ে তৎপরতার সঙ্গেই কাজ করেন বলে প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। জমি-বাড়ি কেনা কিংবা বিনিয়োগ করার আগে সবদিক ভালোভাবে মানুষজন যাতে খোঁজখবর নেন, সেই সমাজিক বার্তাও এদিন দিয়েছেন মুখ্যমন্ত্রী।



