বিজেপির রাজ্য যুব কমিটিতে ঠাঁই হয়নি বারাসতের কোনো নেতার, সরব কর্মীরা
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সামনে পুরসভা নির্বাচন। তার আগেই বিজেপির বারাসত সাংগঠনিক জেলায় যুব সংগঠনকে ঘিরে নতুন করে ‘অস্বস্তি’। সদ্য ঘোষিত পশ্চিমবঙ্গ রাজ্য যুব মোর্চার কমিটিতে বারাসত সাংগঠনিক জেলা থেকে একজনেরও ঠাঁই হয়নি। অথচ পাশের বসিরহাট, বারাকপুর বা বনগাঁ সাংগঠনিক জেলা থেকে নেতৃত্ব জায়গা করে নিয়েছেন রাজ্য কমিটিতে। আর এই বৈপরীত্য ঘিরেই দলের যুব কর্মীদের একাংশের মধ্যে দানা বাঁধছে অসন্তোষ। 

Advertisement

এনিয়ে বিজেপির অন্দরে, কর্মী বৈঠক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর জল্পনা। জানা গিয়েছে, ক’দিন আগেই রাজ্য যুব মোর্চার কমিটি গঠন হয়েছে। ২৮ জনের তালিকা প্রকাশ করেছেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। উল্লেখযোগ্য বিষয়, বারাসত সাংগঠনিক জেলার আওতায় রয়েছে সাতটি বিধানসভা কেন্দ্র। হাবড়া থেকে বিধাননগর পর্যন্ত বিস্তৃত এই সাংগঠনিক জেলায় পাঁচটি বিধানসভায় বিজেপি জয় পেয়েছে। গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক জেলার একজনও যুবনেতা কেন রাজ্য কমিটিতে জায়গা পেলেন না, তা নিয়েই এখন চর্চা দলের অন্দরে। সোশ্যাল মিডিয়ার ছবিতেও বারবার দেখা যায়, জেলার যুব নেতৃত্বের একাংশ নিজেদের সাংগঠনিক কর্মসূচি, দলীয় কার্যকলাপ এবং কর্মীদের সঙ্গে বিভিন্ন কর্মসূচির ছবি তুলে ধরছেন। এমনকি, রাজ্য যুবমোর্চার সভাপতি অমিত সামন্ত বারাসতে একাধিক কর্মসূচিতে এসেছেন। কিন্তু তারপরেও জেলার কোনো নেতার ঠাঁই হল না রাজ্যে। যুব কমিটি ঘোষণার পর দেখা যাচ্ছে, সেই পরিচিত মুখগুলির কারও নামই নেই তালিকায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন যুব কর্মীর প্রশ্ন, এতদিন ধরে সংগঠনের জন্য কাজ করার পরেও কি বারাসতে যোগ্য যুব নেতৃত্ব তৈরি হল না? নাকি নেতৃত্বের সাংগঠনিক তৎপরতায় কোথাও খামতি রয়েছে? পাশের জেলা থেকে রাজ্য কমিটিতে প্রতিনিধিত্ব থাকলেও বারাসত
কেন ব্রাত্য? কর্মীদের আক্ষেপ, সংগঠনের প্রয়োজনে যাঁরা মাঠে থাকেন, কর্মসূচিতে অংশ নেন, প্রতিকূল পরিস্থিতিতেও দলের পতাকা বহন করেন তাঁদের অবদানের মূল্যায়ন কোথায়? এনিয়ে বারাসত সাংগঠিক জেলার যুব মোর্চার সভাপতি শুভঙ্কর সেন বলেন, সবটাই দলের সিদ্ধান্ত। তাই দল যেটা ভালো বুঝেছে করেছে।