নয়াদিল্লি, ২৬ নভেম্বর: আজ সংবিধান দিবসে মহিলা সংরক্ষণ বিল ইস্যুতে বিরোধীদের তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর অভিযোগ, সংসদ ও রাজ্য বিধানসভায় মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করার উদ্যোগে বাধা দিয়ে বিরোধীরা ফের নিজেদের সাংবিধানিক মূল্যবোধের প্রতি অবজ্ঞা প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী আরও জানান, ভারতের সংবিধান রচনায় মহিলাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁদের অবদানকে স্বীকৃতি না দিলে সংবিধানের যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে। অথচ মহিলাদের যথাযথ রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিল আটকে যাওয়ার ঘটনা লজ্জাজনক। তিনি বলেন, ‘ভারতের নারীশক্তিকে আশ্বস্ত করছি, তাঁদের ন্যায়বিচার নিশ্চিত করা থেকে কোনো শক্তিই আমাদের আটকাতে পারবে না।’
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল লোকসভায় সংবিধানের ১৩১তম সংশোধনী বিল ২৯৮টি ভোটের পক্ষে এবং ২৩০টি ভোটের বিপক্ষে পড়ে। তবে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না মেলায় বিলটি পাশ হয়নি। বিলটিতে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের পথ প্রশস্ত করার প্রস্তাব ছিল। পাশাপাশি লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি এবং নির্বাচনী কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ নিয়েও বিতর্ক তৈরি হয়। কংগ্রেস-সহ বিরোধীদের দাবি, তারা মহিলা সংরক্ষণের পক্ষে, কিন্তু আসন পুনর্বিন্যাসের প্রস্তাবের বিরোধী। বিরোধীদের এই অবস্থানকেই নিশানা করে মোদি তাদের বিরোধী পক্ষ নয়, অবরোধ পক্ষ বলে কটাক্ষ করেন।



