সিজেপি নেতার বিরুদ্ধে লুকআউট নোটিস, নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তুলল কেন্দ্র
  • ২৬ নভেম্বর, ২০২৬ ১২:৫৩
Prefer us on Google

নয়াদিল্লি, ২৬ নভেম্বর: ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজেপির নেতা সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়েছে। আজ দিল্লি হাইকোর্টে এমনটাই জানাল কেন্দ্রীয় সরকার। পাসপোর্টের তথ্য নিয়ে একাধিক অসঙ্গতির অভিযোগে মুম্বই পুলিশের অনুরোধে এই সার্কুলার জারি করা হয়েছে বলে আদালতে জানান কেন্দ্রের আইনজীবী। 

Advertisement

কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা জানান, সৌরভের পাসপোর্টে তাঁর শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা এবং বাবা-মায়ের পরিচয় সংক্রান্ত তথ্যে অসঙ্গতি রয়েছে। এমনকি পাসপোর্টের আবেদনে বাবার নামের জায়গা ফাঁকা রাখা হয়েছিল বলেও অভিযোগ। সেইসঙ্গে কোথাও তাঁর ঠিকানা দিল্লি, আবার কোথাও পুদুচেরি বলে উল্লেখ রয়েছে। এই অসঙ্গতি ভারতীয় নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তুলতে পারে বলে দাবি কেন্দ্রের।
অপরদিকে, সিজেপি নেতা সৌরভ দাসের আইনজীবী অখিল সিবল প্রশ্ন তোলেন, কোনো নির্দেশের কপি না দেখিয়ে কীভাবে একজন নাগরিককে বিদেশযাত্রায় বাধা দেওয়া যায়? তাঁর অভিযোগ, বিমানবন্দরে আটকে দেওয়ার পরই সৌরভ শো-কজ নোটিস পান। কেন্দ্র অবশ্য লুকআউটের কপি দিতে অস্বীকার করেছে। 
কেন্দ্রের তরফে জানা গিয়েছে, গত ২৩ নভেম্বর সন্ধ্যায় শো-কজ নোটিস পাঠানো হয় এবং তারপর ট্রাভেল অ্যাডভাইজরি জারি করা হয়। জবাব দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বর। সব পক্ষের বক্তব্য শোনার পর কেন্দ্র, স্বরাষ্ট্র মন্ত্রক ও পুলিশের কাছে জবাব চেয়ে নোটিস জারি করেছে আদালত। আগামী ৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি বলে জানা গিয়েছে।