হরিয়ানায় রক্তাক্ত ডিনার টেবিল! গভীর রাতে ধাবায় ‘গ্যাংওয়ার’, নেপথ্যে মার্কিন মুলুকের গ্যাংস্টার?
  • ২৬ নভেম্বর, ২০২৬ ১৩:২৬
Prefer us on Google

চণ্ডীগড়, ২৬ নভেম্বর: গভীর রাতে হাড়হিম হত্যালীলা! রাতের নৈশভোজের আসরেই ‘গ্যাংওয়ার’। গ্যাংস্টারদের পুরানো বিবাদের জেরেই চলল গুলি! পরপর গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হল ৪ যুবকের। হরিয়ানার রোহতকের কাছে দিল্লি রোডের উপরে একটি ধাবায় গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে। পুলিস সূত্রের খবর, রাত ১টার সময় একটি সুইফ্ট গাড়িতে করে ‘মিলন ধাবায়’ ৫ জন দুষ্কৃতী আসে। সেই সময় ওই ৪ জন যুবক টেবিলে বসে ডিনার করছিলেন। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে হামলাকারীরা। টেবিলেই লুটিয়ে পড়েন তিনজন। আরও একজন পালানোর চেষ্টা করলে, তাঁর পিছু ধাওয়া করে গুলি করে খুন করা হয়।

Advertisement

গোটা ঘটনায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয় ধাবায় থাকা অন্যান্যদের মধ্যেও। প্রাণ বাঁচাতে সেই সময় অনেকেই টেবিল ও চেয়ারের তলায় লুকিয়ে পড়েন। হামলার পরেই ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

এই ঘটনায় মৃতদের পরিচয়ও পাওয়া গিয়েছে। পুলিস সূত্রে খবর, মৃতদের নাম রিঙ্কু, বিনীত, হর্ষ এবং হিমাংশু। তাঁদের মধ্যে কেবল হিমাংশুর বাড়ি বেরি এলাকায়। বাকিরা ঝজ্জর জেলার দিঘল গ্রামের বাসিন্দা।

পুলিসের প্রাথমিক অনুমান, পুরানো শত্রুতার জেরেই এই গ্যাংওয়ার। মৃত চার যুবকই ‘সানি রিটোলিয়া’ গ্যাংয়ের সদস্য ছিলেন। ‘সানি রিটোলিয়া’ গ্যাং কুখ্যাত ‘বাবা গ্যাং’-এর সঙ্গেও যুক্ত। চারজনকে গুলি করে খুনের ঘটনায় মার্কিন মুলুক থেকে পরিচালিত কুখ্যাত গ্যাংস্টার হিমাংশু ভাউয়ের গ্যাংয়ের হাত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।