বৈধ ভোটারদের নাম বাদ নয়, কমিশনকে ফের কড়া বার্তা যোগীর
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যোগী আদিত্যনাথ বনাম নির্বাচন কমিশনের সংঘাত অব্যাহত। বুধবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আবার কমিশনকে বার্তা দিয়ে বললেন, এসআইআর থেকে একজনও বৈধ নাগরিকের নাম বাদ যাওয়া উচিত নয়। জাল ভোটার বাদ দিয়ে, মৃত, স্থানান্তরিত ভোটারদের নাম তালিকা থেকে সরিয়ে ভোটার তালিকার শুদ্ধকরণ অবশ্যই জরুরি। কিন্তু এটাও দেখা দরকার যে, প্রকৃত ভারতীয় যেন বাদ না পড়ে। একটি সাক্ষাৎকারে যোগীকে প্রশ্ন করা হয়,এসআইআর নিয়ে আপনি নিজেই প্রশ্ন তুলেছেন। তাহলে কি আপনি মনে করেন, এই প্রক্রিয়া সঠিকভাবে হচ্ছে না? যোগী বলেন, এসআইআর নতুন করে হচ্ছে এমন নয়। কিন্তু যেটা দেখা দরকার সেটি হল, বৈধ ভারতীয়দের নাম বাদ যাওয়া আটকানো। আশা করা যায় কমিশন এসআইআর নিয়ে আরও পারদর্শিতার সঙ্গে কাজ করবে। প্রসঙ্গত মঙ্গলবারই নির্বাচন কমিশন ভোটার তালিকা নিয়ে যোগীর উত্থাপিত অভিযোগ পরোক্ষে উড়িয়ে দিয়েছে। যোগীর অভিযোগ ছিল, ১ কোটি ২৭ লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ গিয়েছে। কিন্তু কমিশন জানিয়ে দিয়েছিল, ধর্মের ভিত্তিতে কোনও নাম সংযোজন ও বিয়োজন হয় না এসআইআরে। ঠিক পরদিন যোগী আবার যখন নির্বাচন কমিশনকে টার্গেট করলেন। ফলে স্পষ্ট যে, মুখ্যমন্ত্রী কমিশনের বক্তব্যে সন্তুষ্ট নন। বুধবার যোগী আরও বলেছেন, আমরা নির্বাচন কমিশনকে সাহায্যই করতে চাইছি। সেই কারণে আমরা রাজ্যে নিজেদের মতো করে দলীয় অভিযান শুরু করেছি। যাতে প্রত্যেক বাদ যাওয়া বৈধ ভোটার মসৃণভাবে নাম তোলার আবেদন করতে পারেন।

Advertisement