Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

‘বুমরাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নেই’, মন্তব্য অর্শদীপ সিংয়ের

সাদা বলের ক্রিকেটে দাপটের জন্যই পরিচিত অর্শদীপ সিং। সদ্যসমাপ্ত আইপিএলেও পাঞ্জাব কিংসের হয়ে ২১ উইকেট নিয়েছেন তিনি। এবার অবশ্য সামনে নতুন চ্যালেঞ্জ। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে ভারতীয় স্কোয়াডে রয়েছেন বাঁ-হাতি পেসার।

‘বুমরাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নেই’, মন্তব্য অর্শদীপ সিংয়ের
  • ১১ জুন, ২০২৫ ১৭:০৬
Prefer us on Google

লন্ডন: সাদা বলের ক্রিকেটে দাপটের জন্যই পরিচিত অর্শদীপ সিং। সদ্যসমাপ্ত আইপিএলেও পাঞ্জাব কিংসের হয়ে ২১ উইকেট নিয়েছেন তিনি। এবার অবশ্য সামনে নতুন চ্যালেঞ্জ। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে ভারতীয় স্কোয়াডে রয়েছেন বাঁ-হাতি পেসার। লাল বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করার তাগিদ যথেষ্টই ২৬ বছর বয়সির। লিডসে প্রথম টেস্ট শুরু ২০ জুন। তার আগে বেকেনহ্যামে কেন্ট কাউন্টির মাঠে ভারত ‘এ’ দলের বিরুদ্ধে চারদিনের প্রস্তুতি ম্যাচে নজর থাকছে তাঁর। ১৩ তারিখ শুরু সেই ম্যাচ। 

Advertisement

দু’বছর আগে কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন অর্শদীপ। অনুশীলনে সেই অভিজ্ঞতা সঙ্গী হচ্ছে তাঁর। বিসিসিআই টিভিতে তিনি বলেছেন, ‘ট্রেনিং সেশনে ছন্দে থাকায় জোর দিচ্ছি। হাত থেকে লাল বল কীভাবে বেরচ্ছে, সেদিকে খেয়াল থাকছে। আমরা সবাই বেশ কিছুদিন ধরে সাদা বলের ক্রিকেটেই ব্যস্ত ছিলাম। তাই লাল বলে ধাতস্থ হওয়ার ব্যাপারটা উপভোগ করছি। আরও বেশি করে পরীক্ষায় ফেলছি ব্যাটসম্যানদের।’
বিরাট কোহলি ও রোহিত শর্মার অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার অভিজ্ঞতা অনেকটাই কম। তাই অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শনের মতো তরুণ ব্যাটারদের কঠিন পরীক্ষা হতে চলেছে এই সিরিজ। বেন স্টোকসদের বিরুদ্ধে নামার আগে প্রস্তুতি নিয়ে অর্শদীপের মন্তব্য, ‘নেটে সতীর্থদের বোলিং করাটা রীতিমতো মজাদার। ওদের জমাট দেখাচ্ছে। লড়াকু মানসিকতাও রয়েছে দলের মধ্যে। ফলে উপভোগ্য লড়াই হচ্ছে। আমরা, বোলাররা চাইছি পরিকল্পনার মাধ্যমে ওদের আউট করতে। তবে ক্যাপ্টেনকে ব্যাট হাতে ফর্মে লাগল। সুদর্শনও সাবলীল। আমি চেষ্টা করে চলেছি উন্নতির রাস্তায় থাকতে। যত বেশিবার সম্ভব নেটে ব্যাটসম্যানকে আউট করাই লক্ষ্য।’
ভারতীয় বোলিংয়ের সেরা অস্ত্র অবশ্যই যশপ্রীত বুমরাহ। তাঁর সঙ্গে অনুশীলনের মাধ্যমে তীক্ষ্ণতা বাড়াতে চাইছেন অর্শদীপ। বলেছেন, ‘বল হাতে যখনই ছুটে আসি, নিজেকে সেরাই ভাবি। তবে যে দলে বুমরাহ রয়েছে, সেখানে তুলনার প্রশ্নই আসে না। ওই সেরা। আমরা সকলে তাই উন্নতির জন্য খাটছি। কীভাবে দলের কাজে আসতে পারি, সেদিকে নজর রয়েছে। আমার ফোকাসও সেটাই।’
বুমরাহর ওয়ার্কলোড নিয়ে অবশ্য উদ্বিগ্ন ক্রিকেটপ্রেমীরা। তিনি পাঁচ টেস্টের সিরিজের প্রতিটা ম্যাচ খেলবেন না বলে আগেই শোনা গিয়েছিল। কিন্তু বুমরাহ না খেলা মানেই পেস আক্রমণকে কমজোরি দেখানো। নির্দিষ্ট ওয়ার্কলোডের চেয়ে কম বা বেশি পরিশ্রম মানে ফের চোটের আশঙ্কা বলে জানিয়েছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রাক্তন প্রধান ফিজিওথেরাপিস্ট আশিস কৌশিকও। অর্থাৎ, ক্যাপ্টেন গিলকে সতর্ক থাকতে হবে যাতে বুমরাহকে কম বোলিং করানো না হয়। নেটে যদিও ছন্দেই দেখিয়েছে বুমবুমকে। কিন্তু বারবার তাঁর চোট পাওয়ার প্রবণতাই চিন্তায় রাখছে শিবিরকে। সেক্ষেত্রে নজর থাকবে টেস্ট ক্রিকেটে নবাগত অর্শদীপদের দিকেই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ