নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নীতি আয়োগের মূল কাজ ভারতের উন্নয়নে আর্থ সামাজিক প্রকল্প নির্মাণ। রাজ্যগুলিকে সঙ্গে নিয়ে, সরকারি তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে পরিকল্পনা নির্মাণ, রূপায়ণ এবং সরকারকে পরামর্শ দেওয়া তথা রিপোর্ট প্রকাশ। কিন্তু সেই দিশা বদলে গিয়েছে। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতা এবং প্রশাসনিক সাফল্য থেকে শিক্ষা নিতে দেশজুড়ে পাঁচটি জাতীয় কর্মশালার আয়োজন করেছে তারা। মঙ্গলবার দিল্লির ভারত মণ্ডপমে এই কর্মশালা সিরিজের আনুষ্ঠানিক সূচনা হয়। প্রথম কর্মশালার মূল বিষয় ছিল লিডারশিপ অ্যাজ এ মিশন। এক বছর ধরে চলবে নীতি আয়োগের আয়োজনে দেশজুড়ে মোদিবন্দনা।
উদ্বোধনী অনুষ্ঠানেই স্পষ্ট হয়েছে, এই কর্মশালার অভিমুখ কোনদিকে যেতে চলেছে। প্রধানমন্ত্রীর প্রধান সচিব পি কে মিশ্র এদিন প্রধানমন্ত্রী কেন এক বিরল স্তরের নেতা এবং প্রধানমন্ত্রী, সেই ব্যাখ্যা করেছেন দীর্ঘক্ষণ ধরে। বলেছেন, বিগত ২৫ বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিনটি প্রধান চালিকাশক্তি আমি লক্ষ্য করেছি। সততা, দলগত কাজ এবং প্রযুক্তির সঠিক ব্যবহার। প্রধানমন্ত্রীর দপ্তরের প্রধান সচিব প্রধানমন্ত্রী সম্পর্কে বলেন , স্পষ্ট লক্ষ্য, সিদ্ধান্ত বাস্তবায়নের সাহস এবং দূরদৃষ্টিই হল একজন সফল নেতার পরিচয়। সেটাই মোদিজির আছে। ২০০১ সালের ভয়াবহ ভূমিকম্পের পর গুজরাটের কচ্ছ জেলার পুনর্গঠন, কোভিড মোকাবিলা, লাখপতি দিদি প্রকল্প এসবই প্রধান সচিবের মতে মোদির সাফল্যের দৃষ্টান্ত।
নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোককুমার লাহিড়ী জানান, ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছিলেন নরেন্দ্র মোদি। সেখান থেকে প্রধানমন্ত্রী হিসাবে এই দীর্ঘ ২৫ বছরের যাত্রাপথের অভিজ্ঞতাগুলি নথিভুক্ত করা হবে। এই কর্মশালাগুলোতে আমলা, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, গবেষক এবং সাধারণ নাগরিকদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও মতামত সংগ্রহ করা হবে। পরবর্তীতে সেই অভিজ্ঞতাগুলোকে কেস স্টাডি, গবেষণাপত্র এবং পাঠ্য উপকরণে রূপান্তরিত করা হবে। ভবিষ্যতে সিভিল সার্ভিস প্রশিক্ষণ কেন্দ্র, বিশ্ববিদ্যালয় এবং প্রশাসনিক স্তরে কর্মরত আধিকারিকদের দক্ষতা বৃদ্ধির জন্য এই নথিগুলো ব্যবহৃত হবে। এই ঘোষণাগুলি থেকেই স্পষ্ট যে, নীতি আয়োগ ক্রমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাধীন ভারতের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করার সবরকম পরিকল্পনা নিয়ে ফেলেছে।



