Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিমা ছাড়াই রাস্তায় গাড়ি চলার প্রবণতা রুখতে আসছে নতুন কঠোরতর আইন

ফিক্সড ফাইন নয়, গাড়ির বিমার প্রিমিয়ামের  ভিত্তিতেই ঠিক হবে বিমাবিহীন গাড়ির জরিমানা। আগামীদিনে এমনই আইন আসতে চলেছে পশ্চিমবঙ্গসহ সারা দেশে।

বিমা ছাড়াই রাস্তায় গাড়ি চলার প্রবণতা রুখতে আসছে নতুন কঠোরতর আইন
  • ২০ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফিক্সড ফাইন নয়, গাড়ির বিমার প্রিমিয়ামের  ভিত্তিতেই ঠিক হবে বিমাবিহীন গাড়ির জরিমানা। আগামীদিনে এমনই আইন আসতে চলেছে পশ্চিমবঙ্গসহ সারা দেশে। বিমা ছাড়াই রাস্তায় ছুটে চলা গাড়ির দাপট কমাতে এই উদ্যোগ নিয়েছে রোড সেফটি কাউন্সিল। ইতিমধ্যেই এই প্রসঙ্গে রাজ্যগুলির কাছে মতামত চাওয়া হয়েছে। এক্ষেত্রে কোনো আইনি জটিলতা তৈরি হতে পারে কি না, তা নিয়েও পরামর্শ  নেওয়া  হচ্ছে। সমস্ত কিছু চূড়ান্ত হলেই চলতি মোটর ভেহিকেলস আইনে পরিবর্তন আনা হবে।

Advertisement

পশ্চিমবঙ্গসহ দেশের যেকোনো প্রান্তে দু-চাকার যানের রমরমা। বেশিরভাগ বাইক রাস্তায় ছুটছে বিমা ছাড়াই। পণ্যবাহী লরি বা যাত্রীবাহী বেসরকারি বাসও মেয়াদ উত্তীর্ণ বিমা নিয়েই রাস্তায় চলছে। এই সমস্ত গাড়ি থেকে দুর্ঘটনা ঘটলে আহত ব্যক্তি এবং নিহতের পরিবার কোনো ক্ষতিপূরণই পাচ্ছেন না। বিমাবিহীন গাড়ির সংখ্যা রাস্তায় ক্রমেই বাড়ছে। বর্তমান মোটর ভেহিকেলস আইনে গাড়ির রেজিস্ট্রেটেশন বা পারমিট না-থাকলে গাড়ি আটক করার বিধান রয়েছে। বিমাবিহীন গাড়িকে পুলিশের তরফে জরিমানা করা যায় বটে, কিন্তু সেগুলি আটক করার কোনো ক্ষমতা তাদের নেই। ওই গাড়ি একই অপরাধ বারবার করে ধরা পড়লেও, জরিমানার অঙ্ক নির্দিষ্ট।

প্রচলিত আইনে পরিবর্তন আনার জন্য রোড সেফটি কাউন্সিলের বৈঠকে পুলিশ কর্তাদের তরফে বারবার প্রস্তাব দেওয়া হয়। সকলেই একমত হন যে, জরিমানার পরিমাণ ঠিক হোক গাড়িটি বিমার প্রিমিয়াম কত টাকা দেয়, তার ভিত্তিতে। এক্ষেত্রে শেষবার কত প্রিমিয়াম দিয়েছিল তার ভিত্তিতে ঠিক করা হবে জরিমানার পরিমাণ। একই অপরাধ বারবার করলে প্রিমিয়ামের অঙ্কের চেয়ে  দুই বা তিনগুণ জরিমানা করা হবে, যাতে গাড়ির মালিক বিমা করাতে বাধ্য হন। এই প্রস্তাব যায় কেন্দ্রীয় সড়ক মন্ত্রকের কাছে। তাদের তরফে সমস্ত রাজ্যের মতামত চাওয়া হয়।

সূত্রের খবর, বেশিরভাগ রাজ্য এই প্রস্তাবে রাজি হয়েছে। নতুন আইনে কোনো ফিক্সড ফাইন থাকবে না, বিমার প্রিমিয়ামের অঙ্কের ভিত্তিতেই জরিমানা নির্ধারিত হবে। তাহলে ফাইন বাবদ আরো বেশি টাকা আদায় করতে পারবে পুলিশ। একইসঙ্গে বিমাবিহীন গাড়িকে আটক করার কথা সংশোধনীতেও থাকবে। এর ফলে ইনশিয়োরেন্স বা বিমা ছাড়া গাড়ি চালানোর প্রবণতা কমবে বলেই আশা করছেন পুলিশ কর্তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ