Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জয়নগরে খুন: কর্ণাটক থেকে গ্রেপ্তার অভিযুক্ত

বিবাহিত প্রেমিকাকে গলা টিপে খুন করে হাত পা বেঁধে চম্পট দিয়েছিলেন প্রেমিক। মোবাইলের সিমও বদলে ফেলেছিলেন তিনি। এরপরে কর্ণাটকে দ্বিতীয় স্ত্রীর কাছে আত্মগোপন করেছিলেন। তাতেও শেষ রক্ষা হল না।

জয়নগরে খুন: কর্ণাটক থেকে গ্রেপ্তার অভিযুক্ত
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বিবাহিত প্রেমিকাকে গলা টিপে খুন করে হাত পা বেঁধে চম্পট দিয়েছিলেন প্রেমিক। মোবাইলের সিমও বদলে ফেলেছিলেন তিনি। এরপরে কর্ণাটকে দ্বিতীয় স্ত্রীর কাছে আত্মগোপন করেছিলেন। তাতেও শেষ রক্ষা হল না। ঘটনার ছয় মাস পরে জয়নগর থানার পুলিশের তৎপরতায় কর্ণাটক থেকে গ্রেপ্তার হলেন অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মাসাদুর রহমান মোল্লা। বকুলতলা থানা এলাকার বাগমারি এলাকার বাসিন্দা তিনি। কী কারণে খুন? তাঁকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তাঁর ধারণা ছিল, বিবাহিত প্রেমিকা আঞ্জুয়ারা আরও পরকীয়া সম্পর্কে লিপ্ত। সেই নিয়ে তাঁদের মধ্যে অশান্তি লেগেই ছিল। এর জেরেই প্রেমিকাকে খুন করে চম্পট দেন মাসাদুর। গত ১৪ সেপ্টেম্বর জয়নগরের দক্ষিণ বারাসত পঞ্চায়েতের মাসটিকারি এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছিল আঞ্জুয়ারা বিবির দেহ। সেখানকার বাসিন্দা নুরজাহান বিবির ঘরে স্বামী-স্ত্রী পরিচয়ে থাকছিলেন তাঁরা। পুলিশ জানিয়েছে,আঞ্জুয়ারাকে খুনের পর হাওড়ায় পালিয়ে গিয়েছিলেন অভিযুক্ত। সেখানে এক আত্মীয়ের বাড়িতে ছিলেন তিনি। এরপরে মোবাইলের নতুন সিম নিয়ে কর্ণাটক চলে যান মাসাদুর। পুলিশ মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে অভিযুক্তের হদিশ পায়। ১৮ ফেব্রুয়ারি তাঁকে ধরে পুলিশ। সেখানকার আদালতে তোলার পরে ট্রানজিট রিমান্ডে শনিবার তাঁকে জয়নগর নিয়ে আসা হয়। আঞ্জুয়ারার বাপের বাড়ি মন্দিরবাজার থানা এলাকায়। অভিযুক্তের কড়া শাস্তি দাবি করেছেন পরিবারের লোকজন।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ