শ্রীনগর: রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে প্রস্তাব পেশ, আর তা ঘিরেই ধুন্ধুমার পরিস্থিতি জম্মু-কাশ্মীর বিধানসভায়। শুক্রবার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বিধানসভায় এই প্রস্তাব পেশ করেন। তার বিরোধিতায় ওয়েলে নেমে প্রতিবাদ করে বিজেপি। ন্যাশনাল কনফারেন্সের বিধায়কদের সঙ্গে বাগ-বিতণ্ডায় জড়িয়ে পড়েন তাঁরা। স্লোগান পালটা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এমনকি হাতাহাতিতেও জড়িয়ে পড়েন বিধায়করা। পরিস্থিতি মোকাবিলায় স্থগিত রাখা হয় অধিবেশন।
২০০০ সালের ২৬ জুন তৎকালীন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লার নেত্বাধীন ন্যাশনাল কনফারেন্স সরকার একটি প্রস্তাব পাশ করেছিল। সেখানে, ১৯৫৩ সালের ৯ আগস্টের পূর্ববর্তী সময়ের স্বায়ত্তশাসন ফেরতের দাবি করা হয়েছিল। ২০২৪ সালের ৬ নভেম্বর বিশেষ মর্যাদার দাবিতে ফের প্রস্তাব পাশ হয়। শুক্রবার ওমর আবদুল্লার পেশ করা প্রস্তাবে ২০০০ সালের প্রস্তাবটির উল্লেখ ছিল। যা নিয়ে আপত্তি জানায় বিজেপির বিধায়করা। বিজেপি বিধায়ক আরএস পাঠানিয়া বলেন, ‘আমরা বিধানসভায় স্বায়ত্তশাসন নিয়ে আলোচনা হতে দেব না।’ বিল নিয়ে আলোচনার মধ্যে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শেষ পর্যন্ত এদিনের মতো অধিবেশন শেষ হয়। স্পিকার জানিয়েছেন, সোমবার ফের প্রস্তাবটি নিয়ে বিধানসভায় আলোচনা হবে।