মেলায় মদ্যপদের বাধা দিতে গিয়ে খুন বিজেপি নেতা, গ্রেপ্তার মূল অভিযুক্ত
  • ২০ নভেম্বর, ২০২৬ ১৬:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: কার্তিক পুজোর মেলায় মদ্যপদের বচসা থামাতে গিয়ে প্রাণ হারলেন বিজেপি নেতা। মদ্যপদের হাতে আক্রান্ত হয়ে মৃত্যু হল পুজো কমিটির সম্পাদক তথা বিজেপির ঋষিপুর ১ নম্বর মণ্ডলের সহ সভাপতি চন্দন মণ্ডলের (৪৫)। ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুর ব্লকের ঋষিপুরের উত্তর চাঁদপুর গ্রামে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

Advertisement

ঋষিপুর অঞ্চল সর্বজনীন ষড়ানন কার্তিক পুজো উপলক্ষে আয়োজিত মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গতকাল রাত প্রায় ১০টা নাগাদ হঠাৎ বিদ্যুৎ চলে যায়। জেনারেটর চালু করতে সামান্য দেরি হওয়ায় মদ্যপ কয়েকজন যুবক অপারেটরকে গালিগালাজ ও হুমকি দিতে শুরু করে। সেই সময় পুজো কমিটির অফিসে থাকা সম্পাদক চন্দন মণ্ডল পরিস্থিতি সামাল দিতে এগিয়ে যান। অভিযোগ, ঠিক তখনই কানাই চৌধুরী নামে এক যুবক বিজেপি নেতার বুকে ঘুষি মারে। পরে পুজো কমিটির অফিসঘরে সে ফের বুকে কনুই দিয়ে আঘাত করে। এরপরই অসুস্থ হয়ে পড়েন চন্দন। দেরি না করে তাঁকে প্রথমে হবিবপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং পরে মালদহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে, মূল অভিযুক্ত কানাই চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে তদন্তকারী দল। আজ সকালে রাজ্যের সেচ প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। ঘটনার পিছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কী না, তাও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। ময়নাতদন্ত করার জন্য মালদহ মেডিকেল কলেজের মর্গে রয়েছে মৃতের দেহ। গোটা বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারী দল।