সংবাদদাতা, আলিপুরদুয়ার: শতবর্ষ উত্তীর্ণ আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জের কালীপুজোর মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আজ সকালে আগুন লেগে মেলা প্রাঙ্গনের ১৪টি স্টল পুড়ে ছাই হয়ে যায়। সেইসঙ্গে আগুনে দুটি বাড়িও পুড়ে যায়। পাশাপাশি আগুনে আংশিক ক্ষতি হয়েছে আরো দুটি বাড়ির।
জানা গিয়েছে, হ্যামিল্টনগঞ্জের এই মেলার পাশেই ছিল বহু বছর আগের আরএসপির কাঠের তৈরি পরিত্যক্ত পার্টি অফিস। আরএসপির ওই পরিত্যক্ত কাঠের পার্টি অফিসেই প্রথমে আগুনটি লাগে। এরপর সেই আগুন মেলার স্টলে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেন দমকল ও পুলিশে। খবর পেয়ে ফালাকাটা, হাসিমারা বায়ুসেনা ও হ্যামিল্টনগঞ্জ থেকে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। এরপর টানা চার ঘন্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি এখনও পর্যন্ত। আগুনের খবর পেয়ে দলীয় কর্মীদের নিয়ে দলীয় কর্মীদের নিয়ে হ্যামিল্টগঞ্জে ছুটে যান বিজেপির জেলা সভাপতি মিঠু দাস। তিনি জানান, হঠাৎ করে এই আগুনে মেলার ব্যবসায়ীদের বড় ক্ষতি হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে আসেন পুলিশ সুপার অমিত কুমার শাহ। তিনি জানান, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে হ্যামিল্টগঞ্জ কালীপুজো মেলা কমিটির যুগ্ম সম্পাদক অলোক মিত্র জানান, আগুনে মোট ১৪টি স্টল ও দুইটি বাড়ি পুড়ে গিয়েছে। এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের প্রায় ৪০ লক্ষ টাকার জিনিসপত্র পুড়ে গিয়েছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে তদন্তকারী দল।
উল্লেখ্য, হ্যামিল্টনগঞ্জের মেলা শেষ করে এখানকার একাংশ ব্যবসায়ী কোচবিহারের বিখ্যাত রাসমেলায় দোকান দিতে যান। আজ এই ঘটনার প্রভাব কোচবিহারের রাসমেলায় পড়তে পারে বলে মনে করা হচ্ছে।



