সংবাদদাতা, কৃষ্ণনগর: জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জনের আগে ঘট ভাসান কৃষ্ণনগরের ঐতিহ্য বলা চলে। বৃহস্পতিবার দুপুর থেকেই যাকে কেন্দ্র করে জনপ্লাবন দেখা গিয়েছে কৃষ্ণনগরের রাজপথে। কোথাও পালকি, আবার কোথাও সাংয়ে ঘট সাজিয়ে কন্দমতলা ঘাটে নিয়ে গিয়ে ভাসান দেওয়া হয়। ঘট বিসর্জনের সময় শোভাযাত্রায় ছিল রাজার আমলে শুরু হওয়া ঐতিহ্যবাহী সঙ। দুপুর গড়িয়ে প্রায় সন্ধ্যা পর্যন্ত চলে এই ঘট ভাসান পর্ব। মঙ্গলঘট ভাসানে ক্লাব বারোয়ারিগুলি বিভিন্ন বাজনা সহযোগে নাচের তালে বিভিন্ন ট্যাবলো সহযোগে জলঙ্গী নদীর উদ্দেশে যাত্রা করে। সামাজিক বার্তার পাশাপাশি চারাগাছ বিতরণ করে বারোয়ারিগুলি।
কৃষ্ণনগরে মূলত একদিনই জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে। বিসর্জনের দিন সকালে মঙ্গলঘট ভাসান হয়। মঙ্গলঘট বিসর্জনে শোভাযাত্রা করে বারোয়ারিগুলি। তা দেখতে কৃষ্ণনগরের হাই স্ট্রিট চত্বরে নামে জনপ্লাবন। বৃস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। দিন থেকে রাত ঝিরি ঝিরি বৃষ্টি পড়েই গিয়েছে। তাই ঘট ভাসান শুরু হতে দেরি হয় কিছুটা। কিন্তু এদিন বৃষ্টি উপেক্ষা করেই দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা ঘট বিসর্জনের শোভাযাত্রা দেখতে আসেন। প্রশাসনকে ভিড় সামলাতে বেগ পেতে হয়। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জনের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ঘট ভাসানের ইতিহাস। যা গোটা বাংলায় আর কোথাও সেভাবে দেখা যায় না। রাতের বেলা প্রতিমা নিরঞ্জনের বিশৃঙ্খলা থেকে বিরত থাকতেই ঘট ভাসান শুরু হয়েছিল। বর্তমানে বিসর্জনের দিনে দুপুরে বিরাট আয়োজনে ঘট ভাসান ছাড়া প্রতিমা নিরঞ্জন অসম্পূর্ণ। কৃষ্ণনগরের গোলাপট্টি বারোয়ারিই এই প্রথা চালু করে। এই ঘট ভাসান পর্বে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ সঙ সাজতেন। সেই প্রথা আজও চলে আসছে। কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছিল প্রশাসনও। তারপর ধীরে ধীরে বাকি পুজো কমিটিগুলিও দিনের বেলা ঘট ভাসানো শুরু করে।
কৃষ্ণনগরের প্রবীণ বাসিন্দা অলোক মুখোপাধ্যায় বলেন, কৃষ্ণনগরের বিভিন্ন উৎসবে এই সঙ বিবর্তিত রূপে ফিরে এসেছে। সঙ বারবারই ছিল। ষাটের দশকে বন্ধ হয়ে গেলেও নবইয়ের দশকে ঘট বিসর্জনের মাধ্যমে তা আবার ফিরে আসে। জগদ্ধাত্রীর উৎস সন্ধানে গ্রন্থের লেখক সুপ্রতিম কর্মকার বলেন, শোভাযাত্রা কৃষ্ণনগরে রাজার আমল থেকেই হয়ে আসছে। আগে সঙ হিসাবে শোভাযাত্রা হতো, পরবর্তীতে সেটিই ঘট বিসর্জন হল। বর্তমানে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জন ছাড়া অসম্পূর্ণ।



