নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, চোপড়া: অবশেষে জীবনযুদ্ধে হার মানলেন নববধূ! দু’মাস আগে স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমায় পাহাড়ে গিয়েছিলেন নিকিতা সাহা (দাস)। সিটংয়ের এক হোমস্টেতে বারবিকিউয়ের আগুন ছিটকে আসে গায়ে, ঝলসে যান তিনি। সেই থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। বৃহস্পতিবার ভোরে থামল তাঁর লড়াই। কলকাতার একটি নার্সিংহোমে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। জীবনে আনন্দের সফর শুরুর মুখেই করুণ পরিণতি! এনিয়ে শোকে কাতর চোপড়া।
মৃতের স্বামী সৌভিক দাস জানান, বুধবার সকালে তিনি বাড়ি ফিরে এসেছিলেন। বৃহস্পতিবার ভোরে স্ত্রীর মৃত্যুর খবর পান। বর্তমানে কলকাতায় তাঁর শ্বশুর রয়েছেন। দেহ বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। নিকিতার কাকা অনিমেষকুমার সাহা দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন। সৌভিকের আত্মীয় ঋতম বসাক বলেন, সব চেষ্টাকে ব্যর্থ করল নিকিতা। সেই সঙ্গে তাঁর অভিযোগ, অগ্নিদ্বগ্ধ বধূর চিকিৎসায় লক্ষ লক্ষ টাকা খরচ হলেও কোনো সরকারি সহায়তা মেলেনি।
ওই ঘটনার পর হোমস্টে কর্তৃপক্ষের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করে পুলিশ। পর্যটনমন্ত্রী শংকর ঘোষ বলেন, ঘটনাটি দুঃখজনক। মৃতের পরিবারের পাশে আছি। পুরো ঘটনা পুলিশ গুরুত্ব দিয়েই খতিয়ে দেখছে। দার্জিলিং জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার পর খুনের চেষ্টার অভিযোগে হোমস্টের মালিক পবনকুমার আগরওয়াল-সহ চারজনকে গ্রেপ্তার করা হয়। আদালতের নির্দেশে ধৃতরা জামিনে রয়েছেন। ‘সিল’ করা হয়েছে ওই হোমস্টে। ঘটনার তদন্ত চলছে। এখন অনিচ্ছাকৃত খুনের মামলার ধারা যুক্ত হতে পারে।
দার্জিলিং জেলা প্রশাসন অবশ্য অসহযোগিতার অভিযোগ মানতে নারাজ। প্রশাসনের এক অফিসার জানান, অগ্নিদগ্ধ ওই বধূকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যেতে সহায়তা করা হয়। সরকারি নিয়ম মেনে আর্থিক সহায়তা করতে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনকে এ ব্যাপারে উদ্যোগ নিতে বলা হয়েছে। মৃতের পরিবার ৪ লক্ষ টাকা আর্থিক সহায়তা পেতে পারেন।



