সংবাদদাতা, রানাঘাট: নিম্নচাপের জেরে সারাদিন ধরে চলা অবিরাম বৃষ্টিও দমাতে পারেনি উৎসবের উন্মাদনা। বছরের বিশেষ এই তিনটে দিনের আনন্দ কিছুতেই হাতছাড়া করতে নারাজ শান্তিপুরের সূত্রাগড়ের বাসিন্দারা। সেই টানেই বৃষ্টিতে ছাতা হাতে ও নতুন পোশাকে সেজে মণ্ডপমুখী হলেন স্থানীয় বাসিন্দারা। ফলে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও জমজমাট হয়ে উঠেছে শান্তিপুরের সূত্রাগড়ের জগদ্ধাত্রী পুজো।
সকাল থেকেই আকাশের মুখ ভার। দফায় দফায় হওয়া বৃষ্টিতে রাস্তায় জমেছে জল। তৈরি হয়েছে প্যাচপ্যাচে কাদা। তার মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে মণ্ডপে ভিড় জমিয়েছেন স্থানীয় মানুষজন। মণ্ডপ প্রাঙ্গণে বসেই নানান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে উৎসবের আনন্দ ভাগ করে নিচ্ছেন তারা। তবে নিম্নচাপের বৃষ্টির জেরে প্রতি বছরের তুলনায় এবছর বহিরাগত দর্শনার্থীদের ভিড় অনেকটাই কম। শান্তিপুরের আশপাশের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ পুজো দেখতে এলেও বিকেলের পর বৃষ্টির মাত্রা বাড়ায় অনেকের মন খারাপ হয়ে যায়।
পুজো দেখতে আসা পায়েল ভৌমিক বলেন, যতই বৃষ্টি হোক না কেন উৎসবের দিন চার দেওয়ালের মধ্যে বসে কাটানো যায় না। যাতায়াতে একটু অসুবিধা হচ্ছে ঠিকই, পুজোর আনন্দে কোনো খামতি নেই। আর এক বাসিন্দা সুমনা হালদার বলেন, রাস্তার যে প্যাচপ্যাচ কাদা হয়েছে তাতে নতুন জামা কাপড় পড়ে উৎসবে বেরতে ভালো লাগছে না।
উৎসবের আমেজ বজায় রাখার চেষ্টা চালালেও টানা বৃষ্টিতে কিছুটা হতাশ বিভিন্ন পুজো কমিটির সদস্যরা। বেশ কয়েকজন পুজো উদ্যোক্তার মতে, সারাদিন ধরে এক নাগাড়ে বৃষ্টি চলায় এবছর পুজোর স্বাভাবিক ছন্দ অনেকটাই ধাক্কা খেয়েছে। বহিরাগত দর্শনার্থীদের সংখ্যা কমে যাওয়ায় পুজোকে কেন্দ্র করে বসা মেলাতেও তার প্রভাব পড়েছে। খাবারের দোকান থেকে শুরু করে খেলনা স্টল সব জায়গাতেই বেচাকেনায় ভাটা পড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরাও।
তবে সব প্রতিকূলতাকে পাশে সরিয়ে রেখে উৎসব মুখর থাকতে চাইছেন পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষ। কমিটির সদস্যদের কথায়, বছরের এই তিনটে দিনের আনন্দ তো আর ছাড়া যায় না। বৃষ্টি ঝরে পড়লেও আমরা আমাদের মতো করে আনন্দে মাতব।



