ঝাড়গ্রামে জেন-জিদের টানতে সিপিএমের ‘ঘরে ঘরে বুক স্টল’, জাতীয়তাবাদ প্রচারে গেরুয়া শিবির
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: রাজ্যে ২৫ নভেম্বর থেকে ‘ঘরে ঘরে বুক স্টল’ কর্মসূচি শুরু হয়েছে। ঝাড়গ্রাম জেলাতেও সিপিএমের নেতাকর্মীরা বইয়ের ঝোলা কাঁধে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরছেন। পথের দাবি, রাশিয়ার চিঠি, গেরিলা ওয়ারফেয়ার মতো বই বিক্রি করা হচ্ছে। অন্যদিকে বুথ স্তরে  বৈঠক, আলোচনা চক্র, জাতীয়তাবাদী ভাবধারায় জেলার তরুণদের সংগঠিত করার চেষ্টা চালাচ্ছে বিজেপি। ঝাড়গ্রামের রাজনৈতিক ময়দানে দুই দলের ভিন্নধর্মী প্রচার ঘিরে শুরু হয়েছে নতুন লড়াই।

Advertisement

সিপিএম রাজ্যজুড়ে গত ১৫ নভেম্বর থেকে ‘ঘরে ঘরে বুক স্টল’ কর্মসূচি শুরু করেছ। দলের স্লোগান, ‘হাতে হাতে বই, পাড়ায় পাড়ায় সিপিএম’। ছাব্বিশে  দুর্গা ও কালীপুজোর সময় বামেদের বইয়ের স্টল ভাঙচুর, বই পোড়ানো ও স্টলে বুলডোজার চালানোর ঘটনায় ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল। সিপিএম ঘটনার প্রতিবাদে স্থায়ী স্টলের পরিবর্তে মানুষের দরজায় দরজায় বই পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয়। ঝাড়গ্রামেও সিপিএমের কর্মী-সমর্থকরা সেই কর্মসূচিতে শামিল হয়েছে। কাঁধে বইয়ের ঝোলা নিয়ে শহর থেকে গ্ৰামের পাড়ায় পাড়ায় ঘুরছেন। বিক্রির তালিকায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবি’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রাশিয়ার চিঠি’, স্বামী বিবেকানন্দের ‘বর্তমান ভারত’, চে গেভারার ‘গেরিলা ওয়ারফেয়ার’ সহ মার্ক্সবাদী চিন্তাধারার বই। সিপিএমের লক্ষ্য, কর্মসূচির মাধ্যমে তরুণ প্রজন্মের সঙ্গে রাজনৈতিক ও মতাদর্শগত যোগাযোগ গড়ে তোলা। জেলা সিপিএম নেতা সৌতম মাহাতো বলেন, জেলাজুড়ে ঘরে ঘরে বুক স্টল কর্মসূচি চলছে। তরুণ প্রজন্ম থেকে শুরু করে সব স্তরের সাধারণ মানুষ বই কিনছেন। দলের এই কর্মসূচিতে ভালো সাড়া মিলছে। লালগড়ের ডিওয়াইএফআই নেতা কৌশিক খাঁ বলেন, লালগড়, কাঁটাপাহাড়ী, রামগড় ও ধরমপুর সহ প্রত্যন্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বই বিক্রি করা হচ্ছে। বৃষ্টির কারণে এদিন বার হতে পারিনি। তরুণদের মধ্যেও বই নিয়ে ভালো সাড়া মিলছে। সাঁকরাইল ব্লকের অপর এক ছাত্রনেতা বলেন, ব্লকের রোহিণী ও কুলটিকরি এলাকাতেও বাড়ি বাড়ি বই বিক্রির অভিযান চলছে। অন্যদিকে, তরুণ প্রজন্মকে কাছে টানতে জেলা বিজেপির নেতারাও পিছিয়ে নেই। দলের তরফে ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা দূর করো’ কর্মসূচি বুথ বুথে করা হচ্ছে। বিজেপির যুব মোর্চার কর্মীরা বিভিন্ন এলাকায় তরুণদের কাছে যাচ্ছে। দেশের ইতিহাস, জাতীয়তাবাদী ভাবধারা তুলে ধরছেন।   পাশাপাশি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বিভিন্ন শিবিরে তরুণদের যোগ দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।  ছাত্র সংগঠন এবিভিপিকেও সক্রিয় হতে দেখা যাচ্ছে। সংগঠনের তরফে জেলার বিভিন্ন কলেজে সংগঠনের ইউনিট গড়ে তোলা হয়েছে। কলেজে ছোট ছোট আলোচনা চক্রের মাধ্যমে ছাত্রছাত্রীদের সামনে দেশের ইতিহাস তুলে ধরার চেষ্টা চলছে। দেশভাগ ও দেশভাগের সময় উদ্বাস্তু হয়ে নিজভূমি ছেড়ে চলে আসা মানুষের কথাও তুলে ধরা হচ্ছে। বিজেপির জেলা সাধারণ সম্পাদক জয়ন্ত রায় বলেন, জেলার প্রতিটি বুথে গণতন্ত্র বাঁচাও, অরাজকতা দূর করো’ কর্মসূচি শুরু হয়েছে। তরুণ প্রজন্মের কাছে দেশের ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরা হচ্ছে।  যা এতদিন কৌশলে আড়াল করে রাখা হয়েছিল। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রনেতা বাপি দাসের বক্তব্য, জেলার বিভিন্ন কলেজে সংগঠনের ইউনিট তৈরি হয়েছে। আলোচনা চক্রে দেশের গৌরবের ইতিহাস আমরা তুলে ধরছি।