সংবাদদাতা, আলিপুরদুয়ার: রেল উচ্ছেদের নোটিস দেওয়ায় ক্ষোভে ফুঁসছেন আলিপুরদুয়ার রেল জংশনের ব্যবসায়ীরা। শুক্রবার ব্যবসায়ীদের সেই ক্ষোভ আছড়ে পড়ল উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম অফিসে। এদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত ব্যবসা বন্ধ রেখে রেল জংশনের সমস্ত ব্যবসায়ী সংগঠনের সদস্যরা বিক্ষোভ মিছিলে শামিল হন। ডুয়ার্স উন্নয়ন সংগ্রাম সমিতির ব্যানারে এদিন জংশন এলাকার সমস্ত ব্যবসায়ী সংগঠন বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেয়। আলিপুরদুয়ার জংশন স্টেশনে জমায়েত হয়ে ব্যবসায়ীরা মিছিল করে ডিআরএম অফিসে পৌঁছায়। সেই সময় ডিআরএম অফিসে রাজ্য পুলিশের সঙ্গে উপস্থিত ছিল রেল পুলিশও। অভিযোগ, ব্যবসায়ীদের বিশাল মিছিল ডিআরএম অফিসে ঢুকলে বাঁধা দেয় পুলিস। এইনিয়ে পুলিশের সঙ্গে তীব্র বচসা হয় ব্যবসায়ীদের। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এরপর উচ্ছেদ প্রতিবাদ সভায় জংশনের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। সভায় ব্যবসায়ীরা রেলকে হুমকি দিয়েছে এই উচ্ছেদের প্রতিবাদে যতদূর যেতে হয় তাঁরা যাবেন। পরে ব্যবসায়ী সংগঠনগুলির একটি প্রতিনিধি দল ডিআরএম অফিসে উচ্ছেদের প্রতিবাদে স্মারকলিপি জমা দেয়। ডুয়ার্স উন্নয়ন সংগ্রাম সমিতির আহ্বায়ক তুষাররঞ্জন ঘোষ জানান,বহু বছর ধরে তাঁরা রেলের জমিতে বসবাস করছেন। ব্যবসা করছেন। জংশনের জমিতে বহু প্রাচীন ক্লাব আছে। হঠাৎ করে রেলের তরফে সবাইকে উচ্ছেদের নোটিস ধরানো হয়েছে। রেলের এই উচ্ছেদের নোটিসে ব্যবসায়ীরা সকলেই আতঙ্কিত।



