মায়ের স্বাদ
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আজ শিশুদিবস। তাই ছোটোদের জন্যই রইল এই পদ। প্রতিদিন সকালে স্কুল যাওয়ার সময় ওদের টিফিন কৌটোয় কী দেব, এই ভেবে দুশ্চিন্তা বাড়ে বহু মা-বাবার। হয় দোকানের কেনা কেক-বিস্কুট, নয়তো নুডলস, পাস্তা, কেনা স্যান্ডউইচ বা পিৎজা। পেট ভরছে কিন্তু স্বাস্থ্য ভালো থাকছে না। তাই টিফিনে দিন পুষ্টিকর ও সুস্বাদু কিছু পদ, যা তৈরিও সহজ আবার খুদের মন ও পেট ভরাতে ওস্তাদ। 
আগেকার দিনে বাড়িতে দুধ জ্বাল দিতে গিয়ে অনেক সময় দুধ কেটে যেত। সেই কেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে তা থেকেই ছানা তৈরি করে নেওয়া হত। সেই ছানা দিয়েই তৈরি করা যায় নানারকম খাবার। ছানার সঙ্গে সামান্য কিছু মশলা, পেঁয়াজ ও ধনেপাতা মিশিয়ে তৈরি করতে পারেন মজাদার পুর। সেই পুর ভরে বানিয়ে নিন ছানার পরোটা। নরম পরোটার ভিতরে সুস্বাদু ছানার পুর ছোটোদের বেশ পছন্দ হবে। টিফিনের বাক্স খুলে দেখবেন, পরোটার এক টুকরোও আর অবশিষ্ট নেই। আমিও বাড়ির খুদেদের জন্য এমন টিফিন বানিয়ে দিতাম। সেই পুরোনো দিনের সহজ, ঘরোয়া রেসিপি আজও আমার কাছে বেশ প্রিয়। 
উপকরণ: ছানার পুর তৈরির জন্য: তাজা ছানা ১ কাপ, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, জিরে গুঁড়ো  চা চামচ, চিনি  চা চামচ, লেবুর রস ১ চা চামচ, নুন স্বাদ মতো। পরোটার ময়দা মাখার জন্য: ময়দা ৩০০ গ্রাম, ঘি ১ টেবিল চামচ, জোয়ান  চা চামচ, নুন স্বাদ মতো, দুধ প্রয়োজন মতো। পরোটা ভাজার জন্য: সাদা তেল অথবা মাখন প্রয়োজন মতো।
প্রণালী: প্রথমে একটি পাত্রে ছানা নিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে ঝুরঝুরে করে নিন। খেয়াল রাখতে হবে, ছানার মধ্যে যেন কোনো দলা না থাকে। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, জিরে গুঁড়ো, চিনি, লেবুর রস ও স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। পুরটি যেন খুব বেশি ভেজা না হয়। পুর তৈরি হয়ে গেলে একপাশে রেখে দিন। এবার একটি শুকনো তাওয়ায় জোয়ান একটু ভেজে ঠান্ডা করে হাতের তালুর চাপে কচলে গুঁড়ো করে নিন। একটি বড়ো পাত্রে ময়দা, ঘি, নুন ও ভাজা জোয়ান গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিন। এরপর অল্প অল্প করে দুধ দিয়ে নরম করে ময়দা মেখে নিন। ময়দার মণ্ডটা সুতির কাপড় ঢাকা দিয়ে প্রায় ১৫-২০ মিনিট রেখে দিন। এরপর ওই মাখা ময়দা থেকে সমান মাপের কয়েকটি লেচি কেটে নিন। প্রতিটি লেচি ছোটো আকারে গোল করে বেলে তার মাঝখানে পরিমাণ মতো ছানার পুর যোগ করুন। চারদিক থেকে ময়দা চেপে লেচি ফের গোলাকার করে নিন। এরপর সামান্য শুকনো ময়দা ছড়িয়ে আলতো হাতে গোল বা চৌকো পরোটার আকারে বেলুন। বেলার সময় খেয়াল রাখবেন, পুর যেন বাইরে বেরিয়ে না আসে। পুর ভরার সময় ঠেসে দিলে পুর বেরিয়ে আসার আশঙ্কা থাকে। এবার গরম তাওয়ায় পরোটা দিয়ে একপিঠ হালকা সেঁকে উলটে দিন। সেঁকা হলে অল্প অল্প সাদা তেল বা মাখন দিয়ে মাঝারি আঁচে পরোটা ভালোভাবে ভাজুন। দুই পিঠে সোনালি রং ধরলে এবং ভিতরটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তাওয়া থেকে নামিয়ে নিন। গরম গরম ছানার পরোটা পরিবেশন করুন টক দই অথবা বাচ্চার পছন্দের আচারের সঙ্গে। যেদিনই এই টিফিন দেবেন, কয়েকটা পরোটা বেশি দেবেন ওর বন্ধুদের জন্যও! এতে সন্তান ভাগ করে খেতে শিখবে।

Advertisement