চিকেন নাগেট
উপকরণ: বোনলেস চিকেন ২৫০ গ্রাম, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, আদা-রশুন বাটা ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো আধ চা চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ডিম ১টি, ব্রেডক্রাম্ব পরিমাণ মতো, নুন ও সামান্য চিনি, তেল পরিমাণ মতো।
প্রণালী: বোনলেস চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে মিক্সারে মিহি করে বেটে নিন। একটি পাত্রে চিকেনের পেস্ট নিয়ে তাতে পেঁয়াজ বাটা, আদা-রশুন বাটা, গোলমরিচ গুঁড়ো, নুন, সামান্য চিনি ও কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিন। মিশ্রণটি ঢাকা দিয়ে ৩০ মিনিট ফ্রিজে রাখুন। এবার মিশ্রণ থেকে ছোটো ছোটো ভাগ নিয়ে নাগেটসের আকারে গড়ে নিন। একটি পাত্রে ডিম ফেটিয়ে রাখুন। প্রতিটি নাগেটস প্রথমে ডিমে ডুবিয়ে নিয়ে তারপর ব্রেডক্রাম্বে ভালো করে মাখিয়ে নিন। আরও মুচমুচে করতে দ্বিতীয়বার ডিম ও ব্রেডক্রাম্বের প্রলেপ দিতে পারেন। এবার নাগেটসগুলি ১৫-২০ মিনিট ফ্রিজে রেখে দিন। কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে নাগেটসগুলি সোনালি বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিন। খেয়াল রাখবেন, ভিতরের চিকেন যেন সম্পূর্ণ সেদ্ধ হয়। এবার টিস্যু পেপারে তেল ঝরিয়ে টম্যাটো সসের সঙ্গে গরম গরম খেতে দিন।
সয়াবিন ভেজ সসেজ
সয়াবিনেও প্রচুর প্রোটিন। সয়াবিনের তরকারি না খেলে সসেজ বানিয়ে দিন। স্বাদ ও স্বাস্থ্য দুই-ই মিলবে।
উপকরণ: সয়াবিন গ্রানিউল ১ কাপ, সেদ্ধ আলু ১টি, গাজর কুচি ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা-রশুন বাটা ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো ও নুন পরিমাণ মতো, তেল পরিমাণ মতো।
প্রণালী: গরম জলে সয়াবিন গ্রানিউল ১০-১৫ মিনিট ভিজিয়ে রেখে জল সম্পূর্ণ নিংড়ে নিন। এবার মিক্সারে সামান্য ব্লেন্ড করে একটি পাত্রে তুলে নিন। এর সঙ্গে সেদ্ধ আলু চটকে, গাজর কুচি, পেঁয়াজ কুচি, আদা-রশুন বাটা, কর্নফ্লাওয়ার, সয়া সস, গোলমরিচ গুঁড়ো ও নুন দিয়ে ভালো করে মেখে মণ্ড তৈরি করুন। এবার মিশ্রণ থেকে ছোটো ছোটো ভাগ নিয়ে সসেজের আকারে গড়ে রান্নার উপযোগী ফুড-গ্রেড র্যাপে মুড়ে নিন। স্টিমারে রেখে ভালোভাবে সেদ্ধ করুন। ঠান্ডা হলে র্যাপ খুলে সামান্য তেল বা মাখনে হালকা সোনালি করে ভেজে নিন। পছন্দের সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।\
ভেজ নাগেটস
বাচ্চা সবজি খেতে চায় না। অথচ সবজি তাকে খাওয়াতেই হবে। অগত্যা উপায়? সন্ধের ভাজাভুজিতেও জুড়ে দিন সবজির গুণ।
উপকরণ: সেদ্ধ আলু ২টি, গাজর কুচি কাপ, বিনস কুচি কাপ, মটরশুঁটি কাপ, সুইট কর্ন কাপ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ডিম ১টি, গোলমরিচ গুঁড়ো, নুন ও সামান্য চিনি, তেল পরিমাণ মতো।
প্রণালী: প্রথমে গাজর, বিনস, মটরশুঁটি ও সুইট কর্ন সামান্য নুন দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। এবার সেদ্ধ আলু ভালো করে চটকে তার সঙ্গে সেদ্ধ সবজিগুলি মিশিয়ে নিন। এর মধ্যে কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, নুন ও সামান্য চিনি দিয়ে ভালো করে মেখে নিন। মিশ্রণটি থেকে ছোটো ছোটো ভাগ নিয়ে নাগেটসের আকারে গড়ে নিন। এবার একটি পাত্রে ডিম ফেটিয়ে নিন। প্রতিটি নাগেটস ডিমে ডুবিয়ে গরম তেলে মাঝারি আঁচে সোনালি করে ভেজে নিন। দু’পিঠ ভালোভাবে ভাজা হলে তেল ঝরিয়ে টম্যাটো সস বা মেয়োনিজের সঙ্গে গরমাগরম পরিবেশন করুন।
চিকেন সসেজ
ছোটোদের লোভনীয় খাবার সসেজ। বাড়িতেই বানিয়ে দিন মনের মতো করে। এতে দোকান থেকে কেনা রাসায়নিকের ক্ষতি এড়ানো যাবে।
উপকরণ: বোনলেস চিকেন ২৫০ গ্রাম, চিকেন ফ্যাট ৩০ গ্রাম, অরেগ্যানো ১ চামচ, আদা-রশুন বাটা ১ চামচ, গোলমরিচ গুঁড়ো আধ চা চামচ, কর্নফ্লাওয়ার ২ চামচ, ডিমের সাদা অংশ ১টি, নুন ও সামান্য চিনি।
প্রণালী: প্রথমে বোনলেস চিকেন ও চিকেন ফ্যাট একসঙ্গে মিক্সারে দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিন। এবার তার মধ্যে অরেগ্যানো, আদা-রশুন বাটা, গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ডিমের সাদা অংশ, নুন ও সামান্য চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি সসেজের আকারে গড়ে রান্নার উপযোগী তাপ সইতে পারে এমন ফুড-গ্রেড র্যাপে মুড়ে রাখুন। এবার স্টিমারে বা গরম জলে ফেলে ভিতর পর্যন্ত সম্পূর্ণ সেদ্ধ করে ভাপিয়ে নিন। ঠান্ডা হলে র্যাপ খুলে ফ্রিজে রাখুন। পরিবেশনের আগে সামান্য মাখনে হালকা ভেজে পরিবেশন করুন। ঝাল পছন্দ হলে মিশ্রণে চিলি ফ্লেক্স মেশানো যেতে পারে।
রেসিপি ও ছবি: ঝুম্পা কর্মকার



