কীভাবে যাবেন: হাওড়া থেকে ঘাটশিলাগামী যে কোনো ট্রেন ধরে ঘাটশিলা। সেখান থেকে গাড়ি করে দুয়ারসিনি। দূরত্ব ২৮ কিমি। সময় লাগে ৪০-৪৫ মিনিট মতো। কলকাতা থেকে গাড়ি নিয়েও আসা যায়। দূরত্ব ১৭৮ কিমি।
বেশ কিছুদিন ধরেই দু’-এক দিনের জন্য কোনো অফবিট ডেস্টিনেশন খুঁজছিলাম। ডেস্টিনেশনের খোঁজ পেলেও সময়ের অভাবে বেরনো হচ্ছিল না। অবশেষে সময় ম্যানেজ করে বেরিয়েই পড়লাম। গন্তব্যস্থল দুয়ারসিনি। পুরুলিয়া জেলায় বান্দোয়ান ব্লকের অন্তর্গত।
পুরুলিয়া বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ফাগুনের মোহনায় পলাশের প্রান্তর। যেন রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে। সেই রূপ দেখতে বসন্তকালে ছুটে যাওয়া। অথবা শীতকালে পুরুলিয়ায় অযোধ্যা পাহাড় বা কখনো জয়চণ্ডী পাহাড় ভ্রমণ। কিংবা সূর্যাস্তকে সাক্ষী রেখে বড়ন্তি লেক ভ্রমণ।
এই সব কিছুকে ছাপিয়ে যায় বর্ষায় পুরুলিয়ার অনবদ্য রূপ। এত ঘন সবুজ মনে হয় যেন দুয়ারসিনি নয়, ডুয়ার্সে কোথাও বেড়াতে এসেছি। প্রকৃতি যেন হাতছানি দিয়ে ডাকছে। শীতকালের রুক্ষ সূক্ষ্ম পাহাড়গুলো যেন শ্যামল সবুজে সতেজ হয়ে উঠেছে। দুয়ারসিনির অবস্থানটা এমনই যে চারপাশ জুড়ে রয়েছে দলমার রেঞ্জ। দলমা পাহাড়ের কিছুটা অংশ ঝাড়খণ্ডে আর কিছুটা অংশ পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমানার কাছেই এর ভৌগোলিক অবস্থান।
হাওড়া থেকে ভোরের দিকের ট্রেন ধরে চলে গেলাম ঘাটশিলা। সেখান থেকে গাড়ি বুক করে ২৮ কিমি পথ অতিক্রম করে উপস্থিত হলাম দুয়ারসিনির দুয়ারে। সময় লাগল ৪০-৪৫ মিনিট মতো। পাহাড়ি জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রায়শই প্রত্যক্ষ করলাম এলিফ্যান্ট করিডর অর্থাৎ হাতি চলাচলের রাস্তা। চোখে পড়ল হরেকরকম নাম না জানা পাহাড়ি ফুল। মনে হয় যেন রাস্তার মাঝে দাঁড়িয়ে এই নিবিড় শান্ত সবুজ প্রকৃতির মোহময় মুগ্ধতা় অনুভব করি।
থাকবার জন্য আমরা বুক করেছিলাম দুয়ারসিনি ইকো ট্যুরিজম সেন্টারের অধীনে থাকা দুয়ারসিনি ইকো কটেজ। খুব সুন্দর সাজানো গোছানো কটেজ। কটেজের ভেতরে সামনের দিকটা বিস্তৃত বাগান। তাতে ফুটে রয়েছে বিভিন্ন রঙিন ফুল। ইতিউতি প্রজাপতির দল ফুলের রেণু সংগ্রহে ঘুরে বেড়াচ্ছে। কটেজের পিছন দিকটায় পাহাড়ি জঙ্গল, সেখানে ক্রমাগত ঝিঁঝির ডাক শোনা যাচ্ছে। শোনা যায় পাখিদের কলতানও।
দুপুরে লাঞ্চ সেরেই আমরা বেরিয়ে পড়লাম সুতান ফরেস্ট আর তালবেড়িয়া ড্যাম দেখার উদ্দেশ্যে। বান্দোয়ান ক্রস করে সুতান ফরেস্ট যাওয়ার রাস্তাটা বেশ উপভোগ্য। রাস্তার দু’পাশে লম্বা লম্বা গাছের সারি যেন রাস্তাটাকে আরও সুন্দর করে তুলেছে। জঙ্গলে প্রবেশ করা মাত্রই বোধ করলাম সেই আদিম অকৃত্রিম পরিবেশ। জঙ্গলের সরু রাস্তা (যদিও এ পথে সাফারি হয় না) নিয়ে চলেছে এক নির্জন, নেটওয়ার্ক বিহীন স্থানে। শাল, পিয়াল, মহুয়া, শিমুলে ঘেরা এই জঙ্গল এতটাই ঘন যে দুপুরেও কোনো কোনো স্থানে সূর্যের আলোর প্রবেশ ঘটেনি। গাড়ি থামল সুতান ওয়াচ টাওয়ারে সামনে। ওয়াচ টাওয়ারে উঠে চারপাশের জঙ্গলের শান্ত সবুজ পরিবেশকে পরখ করে নিলাম। কেউ কোথাও নেই। বেশ একটা গা ছমছমে পরিবেশ। চোখে পড়ল একটি ফরেস্ট বাংলো, যদিও বর্তমানে সেটি তালাবন্ধ। বাংলোর চারপাশে ইলেকট্রিকের ফেন্সিং, যাতে বন্যজন্তু ভেতরে প্রবেশ করতে না পারে। কিছুটা দূরে নাম না জানা এক নদী শব্দ করে বয়ে চলেছে।
সুতান থেকে বেরিয়ে বারো মাইল জঙ্গলের রাস্তা অতিক্রম করে এগিয়ে চললাম তালবেড়িয়া ড্যামের দিকে। ড্রাইভার বলেছিল সূর্যাস্তের সময় এই ড্যামটিকে দেখতে খুব সুন্দর লাগে। প্রকৃতির ছবি তোলার জন্য আদর্শ। যদিও আমাদের আগমনের সময় আকাশ মেঘলা ছিল। এটি একটি কৃত্রিম জলাধার বিশেষ। নৌকা ভ্রমণের সুযোগ রয়েছে।
সন্ধে নামার আগেই ফিরে এলাম ইকো কটেজে। কিছুক্ষণের মধ্যেই শুরু হল প্রবল বৃষ্টি। শালপাতায় মোড়া বার বি কিউ চিকেন ও ধূমায়িত কফি সহযোগে কটেজের জানলা দিয়ে দূরে দলমা পাহাড়ের বুকে শ্রাবণের অবিশ্রান্ত ধারা উপভোগ করলাম।
পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম দুয়ারসিনি মন্দির দর্শনে। দুয়ারসিনি মাতা এখানে ঠিক বিগ্রহ হিসেবে নয়, কালো পাথরের উপর কল্পিত মূর্তি হিসেবে বিরাজমান। মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে বর্ষার জলে পুষ্ট কল্লোলিনী সাতগুরুং নদী। পাহাড়ি রাস্তাকে সাক্ষী রেখে সে প্রবহমান। প্রবল স্রোত। জলের রং কিছুটা ঘোলাটে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে মন চায়। ধীরে ধীরে বেলা বাড়তে থাকে। এবার ফেরার পালা।
কৌস্তভ চক্রবর্তী



