বেকেনহ্যাম: ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ টেস্টের সিরিজের বোলারদের ধারাবাহিক থাকায় জোর দিচ্ছেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল। যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজদের প্রতি তাঁর পরামর্শ, ‘আমাদের বোলিং আক্রমণে বৈচিত্রের অভাব নেই। বিভিন্নজনের আলাদা আলাদা স্কিল। তবে ইংল্যান্ডের মাটিতে সফল হতে গেলে ধারাবাহিক থাকতে হবে।’
লাল বলের ক্রিকেটে প্র্যাকটিসের অভাব অবশ্য কিছুটা চিন্তায় রেখেছিল তাঁকে। মর্কেলের মতে, ‘আমাদের বোলাররা লাল বলে সেভাবে খেলেনি। তাই কিছুটা নার্ভাস ছিলাম। তবে ট্রেনিংয়ে ছেলেরা দারুণ খাটাখাটনি করেছে। এটাই স্বস্তি দিচ্ছে। এখানের কন্ডিশন জোরে বোলারদের পক্ষে সহায়ক। তবে ব্যাটারদের ক্ষেত্রে ব্যাপারটা চ্যালেঞ্জের। তবে টেস্টের পিচে ততটা কঠিন হবে বলে মনে করছি না। পিচ যখন পাটা হয়ে উঠবে তখনই বোলারদের আসল পরীক্ষা।’
বেন স্টোকসদের বিরুদ্ধে শুভমান গিল বাহিনীর সম্ভাবনা প্রসঙ্গে মর্নি মর্কেলের মূল্যায়ন, ‘আমাদের দলে যোগ্যতার অভাব নেই। ফলে টেস্ট সিরিজে আত্মবিশ্বাস নিয়েই নামব। টিম স্পিরিটও চরমে। গোটা দল মাঠে নামতে মুখিয়ে। সাফল্য পাওয়ার বিষয়ে সবাই আশাবাদী।’