নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনিশ্চিত ভারতীয় ফুটবলের রোডম্যাপ। তাই দিন ঘোষণা হলেও ডুরান্ড কাপ খেলতে চাইছে না আইএসএলের একাধিক ক্লাব। দোটানায় মোহন বাগানও। সবুজ-মেরুন ম্যানেজমেন্ট সূত্রের খবর, সেনাবাহিনীর টুর্নামেন্ট খেলা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তারা তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্টের রায়ের দিকে।
এই মুহূর্তে বিশ বাঁও জলে আইএসএলের ভবিষ্যৎ। সুপ্রিম কোর্টের রায়ের পরেই সেই ছবি অনেকটা স্পষ্ট হবে। এমনিতে ঠিক ছিল, কলকাতা লিগের দলই ডুরান্ড কাপে নামাবে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। তবে ডার্বি বা নক-আউট ম্যাচে সিনিয়র দলের ফুটবলারদের চাই। কিন্তু আইএসএল নিয়ে ধোঁয়াশা না কাটলে সিনিয়র দলের প্রস্তুতি শুরু করা সম্ভব নয়। পাশাপাশি, ডুরান্ড কাপের জন্য সমস্ত মাঠ নিয়ে নিয়েছে সেনাবাহিনী। এদিকে, ঘরের মাঠে চলছে সংস্কারের কাজ। ফলে অনুশীলনের জায়গা নিয়েও সমস্যা রয়েছে মোহন বাগানের। তাই ডুরান্ডে খেলার ব্যাপারে সময় নিচ্ছে মোহন বাগান। সবুজ-মেরুনের টালবাহানা চললেও ঐতিহ্যের প্রতিযোগিতায় নামতে তৈরি ইস্ট বেঙ্গল। বেগতিক বুঝে বিকল্প ভাবনাচিন্তাও শুরু করেছেন উদ্যোক্তারা। সেক্ষেত্রে ডায়মন্ডহারবার এফসি’কে আমন্ত্রণ জানাতে পারে সেনাবাহিনী।