Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ওষুধে ‘মিরাকল’, পেটের ব্যথা সামলে দ্বিতীয় রাউন্ডে জকোভিচ

উইম্বলডনে প্রথম রাউন্ডের বাধা টপকানোর নেপথ্যে ‘অলৌকিক ওষুধ’! বিস্ময়কর হলেও তেমনটাই জানিয়েছেন নোভাক জকোভিচ

ওষুধে ‘মিরাকল’, পেটের ব্যথা সামলে দ্বিতীয় রাউন্ডে জকোভিচ
  • ৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: উইম্বলডনে প্রথম রাউন্ডের বাধা টপকানোর নেপথ্যে ‘অলৌকিক ওষুধ’! বিস্ময়কর হলেও তেমনটাই জানিয়েছেন নোভাক জকোভিচ। মঙ্গলবার পুরুষদের সিঙ্গলসে ম্যাচ চলাকালীন পেটের মোচড়ের কারণে দু’বার চিকিৎসকের শরণাপন্ন হতে হয় তাঁকে। তৃতীয় সেটে তিনি যখন ২-১ গেমে এগিয়ে, তখন প্রথমবার ব্রেক নেন জোকার। কিছুক্ষণ পর সেই সেট চলাকালীন ফের ব্রেক নিতে হয় তাঁকে। সেই সময় ডাক্তারের দেওয়া ‘মিরাকল পিল’ রক্ষাকর্তা হয়ে ওঠে। শেষ পর্যন্ত আলেকডান্ডার মুলারকে ৬-১, ৬-৭, ৬-২, ৬-২ সেটে হারিয়ে স্বস্তির নিশ্বাস ফেলেন সার্বিয়ান তারকা। পরে ‘জোকার’ বলেন, ‘প্রথম সেটটা সেরা ছন্দে খেলেছি। তারপরই পেটে অস্বস্তি শুরু। পরের ৪৫ মিনিট জঘন্য খেললাম। পেটের সমস্যার জন্যই এটা হয়েছিল কিনা, জানা নেই। তবে খুব কষ্ট হচ্ছিল। ওই অবস্থায় ডাক্তারের দেওয়া অলৌকিক বড়ি খেয়ে উপশম মেলে। সেজন্যই জিতে কোর্ট ছাড়তে পেরেছি।’

Advertisement

২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্য নিয়ে উইম্বলডনে এসেছেন জকোভিচ। ঐতিহ্যের এই মঞ্চে সাতবার খেতাব জিতেছেন তিনি। তার মধ্যে গত ছ’বারই ফাইনালে ওঠেন ৩৮ বছর বয়সি জোকার। তবে ২০২৩ ও ২০২৪ সালে ফাইনালে তাঁকে হারান কার্লোস আলকারাজ। সার্বিয়ান তারকা বলেছেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার বিশ্বাস রয়েছে বলেই খেলতে এসেছি। পূর্ণ আস্থা রয়েছে নিজের উপর। কেরিয়ারের দ্বিতীয়ার্ধে ঘাসের কোর্টেই সেরা টেনিস মেলে ধরেছি। তাই কেন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখব না?’
এদিন পুরুষদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে উঠলেন কার্লোস আলকারাজ। বুধবার অবাছাই অলিভার তারভেটকে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন তিনি। ম্যাচের ফল ৬-১, ৬-৪, ৬-৪। অন্যদিকে, মহিলাদের সিঙ্গলসে শীর্ষবাছাই সাবালেঙ্কা ৭-৬ (৭-৪), ৬-৪ সেটে হারালেন চেকিয়ার মারি বৌজকোভাকে। তবে বিদায় নিলেন দ্বিতীয় বাছাই কোকো গফ। ফরাসি ওপেন জয়ী মার্কিনী তারকাকে ৭-৬ (৭-৩), ৬-১ সেটে হারালেন ইউক্রেনের ডায়ানা ইয়াস্ট্রেমস্কা।

Advertisement
সম্পর্কিত সংবাদ