নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পূর্ব ভারতের প্রবেশ পথ হল পশ্চিমবঙ্গ। রাজ্যের এই ভৌগোলিক অবস্থানের কারণেই দেশের এক নম্বর লজিস্টিক হাব হয়ে ওঠার সম্ভাবনা আছে বাংলার। ইতিমধ্যে নদীয়ার হরিণঘাটায় কোটি কোটি টাকা খরচ করে নিজেদের লজিস্টিক হাব গড়ে তুলেছে ফ্লিপকার্ট। এছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে লজিস্টিক হাব চালু করে চুটিয়ে ব্যবসা করছে একাধিক বড় ই-কমার্স কোম্পানি। তার ফলে বাংলায় ব্যাপক হারে তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। এবার এই সুযোগ আরও বাড়াতে বাংলায় লজিস্টিক ব্যবসাকে শিল্পের তকমা দিল নবান্ন। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব পাশ হয়েছে।
অন্যদিকে, পশ্চিম বর্ধমানের হিরাপুরে ১৯৩.২৯ একর লিজ জমি রাজ্য শিল্প উন্নয়ন নিগমকে বিভিন্ন শিল্প স্থাপনের জন্য ফ্রিহোল্ডে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। এছাড়া দক্ষিণ ২৪ পরগনার বারাখোলায় একটি হাসপাতালের ৩.১৬ একর লিজ জমি ৩০ বছরের জন্য নবীকরণের প্রস্তাব পাশ হল এদিনের বৈঠকে। আবার, উত্তম সিটিতে বারুইপুর টাউনশিপ দীর্ঘদিনের জমি সংক্রান্ত মামলা আদালতের বাইরে নিষ্পত্তির প্রস্তাবও পাশ হয়েছে। আবার পুর ও নগরোন্নয়ন দপ্তরের অধীন কলকাতা ‘চেতলা আশ্রয়’ প্রকল্পে ৩৬টি এমআইজি ফ্ল্যাট ও ১৮টি গ্যারাজ বা পার্কিং স্পেস ফ্রিহোল্ড ভিত্তিতে বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। অন্যদিকে, নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটিতে ১৫টি নতুন পদ সৃষ্টি করে নিয়োগের ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা।
দুর্গাপুজোর আগে শেষ মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর সময় মন্ত্রীদের নিজ নিজ এলাকায় থাকার নির্দেশ দিয়েছেন। কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নিজ নিজ সঞ্চয় থেকে পুজোয় গরিবদের সাহায্যও করতে বলেছেন মুখ্যমন্ত্রী। ফাইল চিত্র