একাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুন, গ্রেপ্তার অভিযুক্ত
  • ২৫ অক্টোবর, ২০২৬ ১৬:৩৯
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: গ্রামে দুর্গাপুজো উপলক্ষে চলছিল বিচিত্র অনুষ্ঠান। বন্ধুদের সঙ্গে অনুষ্ঠান দেখতে গিয়েছিল একাদশ শ্রেণির এক ছাত্রী । অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন তাঁকে ফোন করে কেউ ডেকে নিয়ে যায়। তারপরেই নিখোঁজ হয়ে যায় সে। শুরু হয় খোঁজাখুঁজি। আজ  সকালে অনুষ্ঠান মঞ্চের প্রায় ১০০ মিটার দূরে একটি বাড়ির শৌচালয়ের পাশ থেকে উদ্ধার হয় ওই কিশোরীর অর্ধনগ্ন থেঁতলানো মৃতদেহ। রবিবার ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানা এলাকায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মৃত কিশোরীর দুর সম্পর্কের এক আত্মীয়কে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম প্রহ্লাদ দাস (২৩)। ধৃতকে এদিন বনগাঁ আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন। 

Advertisement

জানা গিয়েছে, শনিবার রাতে গাইঘাটা রামচন্দ্রপুর বাজারে দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রাত সাড়ে আটটা নাগাদ প্রতিবেশী এক বান্ধবীর সঙ্গে অনুষ্ঠান দেখতে গিয়েছিল ওই কিশোরী। রাত বারোটা নাগাদ তাঁর কাছে একটি ফোন আসে। বান্ধবীকে বসতে বলে সেখান থেকে চলে যায় সে। রবিবার ভোরে এলাকায় এক আত্মীয়ের বাড়ির শৌচাগারের পাশ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। বাড়ির এক বৃদ্ধা এদিন ভোরে শৌচাগারে যাওয়ার সময় প্রথমে তাঁকে দেখতে পান। স্থানীয়দের খবর দিলে তারাই থানায় খবর দেয়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে, অর্ধনগ্ন অবস্থায় সেখানে পরে ছিল সে। মুখ ভারী কিছু দিয়ে থেঁতলানো অবস্থায় ছিল। মাথার পিছনেও আঘাতের চিহ্ন ছিল বলে সূত্র মারফত জানা গিয়েছে। ঘটনার পর ঘটনাস্থল ঘিরে রাখে বিশাল পুলিশ বাহিনী ও বিএসএফ। ঘটনার তদন্তে এদিন দুপুরে ঘটনাস্থলে এসে পৌঁছায় ফরেনসিক দলের সদস্যরা। তাঁরা ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে। এবিষয়ে বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার বিদিশা কলিতা দাসগুপ্ত বলেন, সকালে পুলিশের কাছে খবর আসে এক কিশোরী মৃত অবস্থায় পড়ে আছে। পুলিশ দ্রুত পৌঁছে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। অনুমান করা হচ্ছে তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত যুবক মৃতার দুর সম্পর্কের আত্মীয় বলে জানা গিয়েছে। 

গোপালনগর তরণীপুরের বাসিন্দা ওই কিশোরী ছোটবেলা থেকে গাইঘাটা রামচন্দ্রপুরে মামা বাড়িতে থাকত। স্থানীয় একটি স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ছিল সে। সূত্র মারফত জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। সূত্রের দাবি, ধৃত যুবক পুলিশি জেরায় জানিয়েছে ওই কিশোরী তাঁকে ও তাঁর মাকে গালাগালি করত। সেই কারণেই সে খুন করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।