নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছুটির দিনে দুর্ভোগ। ফলে ব্যাপক সমস্যায় সাধারণ মানুষরা। রেললাইনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ রবিবার হাওড়া ডিভিশনের একাধিক শাখায় ট্রেন চলাচল ব্যাহত হতে চলেছে। দিনের বিভিন্ন সময়ে মোট ২০টি সেকশনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য ব্লক নেওয়া হয়েছে। সেই জেরে বাতিল করা হয়েছে বহু লোকাল ট্রেন। পাশাপাশি বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। কিছু ট্রেনকে পথে নিয়ন্ত্রণ করা হবে বলেও রেল মারফত জানা গিয়েছে।
রেলের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, লিলুয়া-বেলুড়, কোন্নগর-রিষড়া, শ্রীরামপুর-ভদ্রেশ্বর, তারকেশ্বর-মায়াপুর, মগরা, বৈঁচি-মেমারি, কামারকুণ্ডু সহ হাওড়া ডিভিশনের বিভিন্ন অংশে রক্ষণাবেক্ষণের কাজ চলবে এদিন। পাশাপাশি বর্ধমান-তালিত, ব্যান্ডেল-ত্রিবেণী, পূর্বস্থলী-পাটুলি, আজিমগঞ্জ-লালবাগ, কোর্ট রোড, রামপুরহাট-স্বাধীনপুর এবং অন্যান্য সেকশনেও কাজের পরিকল্পনা করা হয়েছে রেলের তরফে। অধিকাংশ ক্ষেত্রেই সকাল থেকে দুপুর এবং বিকেলের মধ্যে তিন ঘণ্টা করে ব্লক নেওয়া হবে।
রক্ষণাবেক্ষণের এই কাজের কারণে আজ হাওড়া, ব্যান্ডেল, বর্ধমান, কাটোয়া, আরামবাগ, গোগাট, মেমারি, পাণ্ডুয়া, আজিমগঞ্জ, চন্দনপুর, আসানসোল, আন্দাল, সাহেবগঞ্জ ও রামপুরহাট সহ একাধিক স্টেশন থেকে ছাড়ার নির্ধারিত ট্রেন বাতিল করা হয়েছে রেলের তরফে।
হাওড়া থেকে বাতিল মোট ২২টি ট্রেন, ব্যান্ডেল থেকে বাতিল মোট ৭টি ট্রেন, আরামবাগ থেকে বাতিল ১টি ট্রেন, গোগাট থেকে বাতিল ১টি ট্রেন, পাণ্ডুয়া থেকে বাতিল ১টি ট্রেন, মেমারি থেকে বাতিল ২টি ট্রেন, কাটোয়া থেকে বাতিল ৪টি ট্রেন, আজিমগঞ্জ থেকে বাতিল ১টি ট্রেন, বর্ধমান থেকে বাতিল ১০টি ট্রেন, চন্দনপুর থেকে বাতিল ৩টি ট্রেন,বারুইপাড়া থেকে বাতিল ১টি ট্রেন, আসানসোল থেকে ২টি ট্রেন, আন্দাল থেকে ১টি ট্রেন, সাহেবগঞ্জ থেকে ১টি রামপুরহাট থেকে বাতিল ২টি ট্রেন। অন্যদিকে পরিবর্তন করা হচ্ছে চারটি এক্সপ্রেস ট্রেনের যাত্রা।
১৩০১৬ জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেস নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে, সকাল ৭টা ২৫ মিনিটে জামালপুর থেকে ছাড়বে। যা আগে ছাড়ার কথা ছিল সকাল ৬টা ২৫ মিনিটে। মালদা ডিভিশনে পথে আরও ৪০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে বলে জানা গিয়েছে।
১২৩৩৮ বোলপুর শান্তিনিকেতন-হাওড়া এক্সপ্রেস দুইঘণ্টা পিছিয়ে দুপুর ৩টা ১৫ মিনিটে ছাড়বে, নির্ধারিত সময় ছিল দুপুর ১টা ১৫ মিনিট।
১৩১৪৪ রামপুরহাট-শিয়ালদহ মা তারা এক্সপ্রেস, ৩০ মিনিট পিছিয়ে দুপুর ২টা ৪০ মিনিটে রামপুরহাট থেকে ছাড়বে, যা আগে ছাড়ার কথা ছিল দুপুর ২টা ১০ মিনিটে।
১২৩৩৯ হাওড়া-ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস, ৪০ মিনিট পিছিয়ে সন্ধ্যা ৬টায় হাওড়া থেকে ছাড়বে; নির্ধারিত সময় ছিল বিকেল ৫টা ২০ মিনিট।
পাশাপাশি এদিন ৩৭৩৬৩ হাওড়া-আরামবাগ লোকালকে পথে ২৫ মিনিট, ৬৩১৪২ গোড্ডা-শিয়ালদহ মেমুকে ১ ঘণ্টা ৫ মিনিট এবং ১৩০৩২ জয়নগর-হাওড়া এক্সপ্রেসকে মালদা ডিভিশনে ৩০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে বলে জানা গিয়েছে। রেললাইনের রক্ষণাবেক্ষণের কাজের জেরে যাত্রীদের যাত্রা পরিকল্পনায় ব্যাপক প্রভাব পড়তে পারে।



