নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হল এক নাবালকের। এমনটাই অভিযোগ উঠে এল এবার কলকাতা মেডিকেল কলেজে। জানা গিয়েছে, আজ সকাল ১০টায় পেটে ব্যাথা নিয়ে আন্দুল রোড সংলগ্ন বকুলতলার বাসিন্দা পবন যাদব (১১) নামক এক চতুর্থ শ্রেণির ছাত্রকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। অভিযোগ, ভর্তির পরেই ২টি ইনজেকশন দেওয়া হয় তাঁকে। কিন্তু শারীরিক অবস্থার আরও অবনতি ঘটতে শুরু করে তাঁর। শেষ পর্যন্ত মৃত্যু হয় কিশোরটির। পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে পবনের। মৃত নাবালকের বেশ কয়েকজন পরিবারের সদস্য পুলিশের উপর চড়াও হয়। মুহূর্তের মধ্যেই হাসপাতাল চত্বরে ধুন্ধুমার বেঁধে যায় রোগীর পরিবারের সদস্য ও পুলিশের মধ্যে।
জানা গিয়েছে, আজ সকালে কলেজস্টিটে মামার বাড়িতে এসেছিল পবন। সেখানেই পেটে ব্যাথা অনুভব করলে সকাল ১০টা নাগাদ তাঁকে পাশেই মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সে সময় নিজেই হেঁটে প্রবেশ করে পবন। তার কিছুক্ষণ পরেই সকাল ১১টায় মৃত্যু সংবাদ আসে তাঁর। এসেই ক্ষুব্ধ হন পরিবারের লোকজন। তাদের দাবি সাধারণ পেটে ব্যাথা থেকে এত বড় পরিণতি কী ভাবে ঘটতে পারে? তারা হাসপাতালের জুনিয়ার ডাক্তারদের চিকিৎসা নিয়ে প্রশ্ন তোলেন। সময় গড়াতেই চিকিৎসার গাফিলতির অভিযোগে চরম উত্তেজনার সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলেও জানিয়েছেন তাঁরা।



