Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ব্যস্ত সময়ে ৬ মিনিটের অন্তর মেট্রো চলবে ইস্ট-ওয়েস্ট রুটে

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো রুটে দিন-রাতের ব্যস্ত সময়ে ৮ মিনিটের বদলে এবার থেকে ৬ মিনিটের ব্যবধানে পরিষেবা মিলবে।

ব্যস্ত সময়ে ৬ মিনিটের অন্তর মেট্রো চলবে ইস্ট-ওয়েস্ট রুটে
  • ২১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো রুটে দিন-রাতের ব্যস্ত সময়ে ৮ মিনিটের বদলে এবার থেকে ৬ মিনিটের ব্যবধানে পরিষেবা মিলবে। সময়ের ব্যবধান হ্রাস পাওয়ার জন্য শনিবার থেকে ইস্ট-ওয়েস্ট রুটে সারাদিনে মেট্রো পরিষেবার সংখ্যা আগের তুলনায় বাড়ল। এতদিন সোম থেকে শনিবার এই রুটে সারাদিনে ১৮৬টি মেট্রো পরিষেবা মিলত। এদিন থেকে তা বেড়ে হল ২২৬টি। উল্লেখ্য, ২২ আগস্ট ইস্ট-ওয়েস্ট-এর গোটা করিডর যাত্রীদের জন্য খুলে যায়। শিয়ালদহ-এসপ্ল্যানেড জুড়ে যাওয়ায় এই মেট্রো পথে যাত্রীদের ঢল নামে। পুজোর মুখে যাত্রীদের চাপ আরও বাড়ছে। সেই কথা মাথায় রেখেই নয়া এই সিদ্ধান্ত নিয়েছে রেল।

Advertisement

তবে চলতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা ঘণ্টার পর ঘণ্টা ব্যাহত হয়েছিল। স্বয়ংক্রিয় কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (সিবিটিসি) ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে। যার প্রভাবে এই মেট্রো করিডরের একাধিক স্টেশনে যাত্রী বিক্ষোভও হয়েছিল। স্বভাবতই হাওড়া, কলকাতা ও উত্তর ২৪ পরগনা সংযোগকারী এই মেট্রো রুটে যাত্রী পরিষেবার মান নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। সেই আবহে এবার অফিস টাইমে ৬ মিনিটের ব্যবধানে পরিষেবা চালু রাখা রীতিমতো চ্যালেঞ্জ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
অন্যদিকে আজ, রবিবার মহালয়া উপলক্ষ্যে ইস্ট-ওয়েস্ট রুটে স্পেশাল মেট্রো চলবে। সকাল ৯টার বদলে ভোর ৭টায় দুই প্রান্তিক স্টেশন থেকে দিনের প্রথম পরিষেবা চালু হবে। সাধারণত এই রুটে রবিবার ১০৪টি পরিষেবা মেলে। তার বদলে আজ, মহালয়ার দিনে এই করিডরে ১৩৬টি পরিষেবা পাবেন যাত্রীরা।   

Advertisement
সম্পর্কিত সংবাদ