ফ্লোরিডা: দু’ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে মেজর লিগ সকারে জয়ের সরণিতে ফিরল ইন্তার মায়ামি। রবিবার ঘরের মাঠে নিউ ইংল্যান্ডকে ৪-১ গোলে হারাল তারা। গোল না পেলেও, অ্যাসিস্টের হ্যাটট্রিকে ম্যাচের নায়ক লায়োনেল মেসি। আর্জেন্তাইন মহাতারকার দুরন্ত পারফরম্যান্সের সুবাদে সহজেই পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল হাভিয়ের মাসচেরানো ব্রিগেড। বিজয়ী দলের হয়ে জোড়া গোল যথাক্রমে তাদেও আলেন্দে ও জর্ডি আলবার। নিউ ইংল্যান্ডের একমাত্র গোলদাতা ডোর তুরজেমান। এই জয়ের সুবাদে ৩২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠে এল ইন্তার মায়ামি। তবে টানা দ্বিতীয়বার সাপোর্টাস শিল্ড জয়ের স্বপ্ন অধরাই থাকল ডেভিড বেকহ্যামের দলের। এক ম্যাচ বেশি খেলে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফিলাডেনফিয়া। ফলে লিগের বাকি দু’টি ম্যাচ জিতলেও, তাদের টপকাতে পারবেন না মেসিরা। শিল্ড হাতছাড়া হলেও, মেজর লিগ খেতাব জয়ের সুযোগ থাকছে তাঁদের সামনে। গতবার নক-আউটের শুরুতেই বিদায় নিয়েছিল ইন্তার মায়ামি। এবার অবশ্য প্রথমবারের জন্য এমএলএস কাপ জয়ের ব্যাপারে বদ্ধপরিকর তারা।



