নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কখনও বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে দেশের বিজেপি শাসিত একাধিক রাজ্যে। আবার ইদানীং সময়কালে দেখা গিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়দের অপমান করছেন বিজেপি নেতারা। তার প্রতিবাদে গর্জে উঠল বাংলার সুশীল সমাজ। বিভিন্ন অংশের মানুষ একজোট হয়ে একমঞ্চ থেকে শপথ নিলেন বাংলা ভাষা এবং বাংলার সম্মান রক্ষার্থে লড়াই চালিয়ে যেতে হবে। বৃহস্পতিবার মৌলালি যুব কেন্দ্রে গণ কনভেনশন করে বাংলা একতা মঞ্চ। এর মূল উদ্দেশ্য ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়কে যাঁরা অপমান করছেন, তাঁদের বিরুদ্ধে সরব হওয়া। ওইসঙ্গে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সদর দপ্তর বাংলা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার অপচেষ্টার বিরদ্ধেও গর্জে ওঠে মঞ্চ। মূল আয়োজক তন্ময় ঘোষ বলেন, বাংলার বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ শুরু করেছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। বাংলা ও বাঙালির বিরুদ্ধে যারা চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে লড়াই এবার তীব্রতর করার সময় এসেছে। রাস্তায় নেমে প্রতিবাদ আরও দীর্ঘ হবে। বিজেপিকে বুঝিয়ে দেওয়া হবে, বাংলার মাটি এখনও ওরা চেনে না। প্রসঙ্গত, অরাজনৈতিক এই গণ কনভেনশনে উঠে আসে এসআইআর প্রসঙ্গ। মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিরাও ছিলেন। এসআইআরের আইনি দিকগুলি তুলে ধরেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র। নিজের মাতৃভাষার সম্মান ও মর্যাদা রক্ষার্থে জোরালো সওয়াল করেন যাবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য।



