ভাইফোঁটায় প্রস্তুত বহু নামী রেস্তরাঁ
  • ১০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: রাত পোহালেই ভাইফোঁটা। বছরের এই বিশেষ দিনে ভাইদের কপালে ফোঁটা দেওয়ার পাশাপাশি তাঁদের পাতে স্পেশাল মেনু তুলে দিতে প্রস্তুত বোনেরা। যদিও বাজার করা, বাড়িতে রান্নাবান্নার ঝক্কি অনেকেই এড়াতে চান। তাতে কুছ পরোয়া নেই। সমস্যা সামলাতে হাজির শহরের নামী রেস্তরাঁগুলি। ভাইফোঁটায় এবারও স্পেশাল মেনু নিয়ে হাজির উলুবেড়িয়ার একাধিক রেস্তরাঁ। পটলের দোরমা থেকে চিকেন কাটলেট, কাতলা কারি থেকে ভেটকি পাতুড়ি, পোলাও থেকে খাসির মাংস, সঙ্গে চাটনি থেকে মিষ্টি, এমনকী পানও থাকছে মেনুর মধ্যে। ৮০০ থেকে ১০০০ টাকার মধ্যে এই স্পেশাল থালি নিয়ে ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছেন অনেকেই। উলুবেড়িয়ার একটি নামী রেস্তরাঁর কর্ণধার গৌতম বোস বলেন, উৎসবের মরশুমে গত কয়েক বছর ধরে সাধারণ মানুষের মধ্যে রেস্তরাঁয় বসে খাওয়ার পাশাপাশি স্পেশাল থালি অর্ডার দেওয়ার ঝোঁক বাড়ছে। এই বছরেও তার ব্যতিক্রম হয়নি। দুর্গাপুজোর পর ভাইফোঁটাতেও মানুষের চাহিদামত স্পেশাল থালির ব্যবস্থা থাকছে। তাতে ভালো সাড়াও পাওয়া যাচ্ছে। শহরের অন্য একটি রেস্তরাঁর কর্ণধার দীপক দাস বলেন, ভাইফোঁটাকে সামনে রেখে আমরাও রেস্তরাঁয় স্পেশাল মেনুর ব্যবস্থা করেছি। অনেকেই বুক করেছেন। আশা করছি গত বছরের মত এই বছরেও ভাইফোঁটায় ভালো ব্যবসা হবে। অন্যদিকে, সাধারণ মানুষের মতে ভাইফোঁটা বাঙালির একটা অন্যতম উৎসব। এই দিনে বাড়িতে রান্নাবান্না করার ঝামেলা অনেক। অনেকেই এই ঝক্কি এড়াতে এখন রেস্তরাঁর দিকে ঝুঁকছেন। আর প্রতি বছরই এই ঝোঁক বাড়ছে।       

Advertisement