বাটা নিউল্যান্ডে একান্ন ফুটের কালী প্রতিমা, জল স্প্রে করে নিরঞ্জন আগামী বৃহস্পতিবার
  • ১০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: বাটা নিউল্যান্ড অঞ্চলে ৫১ ফুট উচ্চতার কালী প্রতিমা তৈরি করে মহেশতলার মানুষকে চমক দিয়েছেন পুজো উদ্যোক্তারা। রবিবার পুজোর দিন ও সোমবার নানা প্রান্ত থেকে কাতারে কাতারে ভক্তরা এসেছেন প্রতিমা দেখতে। এখন সমস্যা দেখা দিয়েছে প্রতিমা নিরঞ্জন নিয়ে। কারণ, এত দীর্ঘ কালীপ্রতিমাকে মণ্ডপ থেকে বের করে গঙ্গায় নিয়ে যাওয়া সম্ভব নয়। এ নিয়ে উদ্যোক্তা এবং পুলিশের আধিকারিকরা দফায় দফায় আলোচনা করেছেন। সমাধানের রাস্তাও বেরিয়েছে। এতবড়ো প্রতিমা গাড়িতে করে গঙ্গা পর্যন্ত নিয়ে যাওয়া অসম্ভব। তাতে ঝুঁকি রয়েছে। একমাত্র উপায়, কাঁধে করে নিয়ে যাওয়া। কিন্তু সেই বাঁশের কাঠামো বয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচুর লোকের দরকার। একসঙ্গে এত লোক পাওয়া যাবে না। তাছাড়া রাস্তার চারপাশে বিদ্যুতের তার থাকায় বিপদের আশঙ্কা থেকে যাবে। তাই পুলিশ ও পুজোর উদ্যোক্তারা সিদ্ধান্ত নিয়েছেন, গঙ্গায় নয়, মণ্ডপের ভিতরেই জল স্প্রে করে গলিয়ে ফেলা হবে প্রতিমার মাটি। এ নিয়ে দমকলের সঙ্গেও কথা বলেছেন উদ্যোক্তারা। 

Advertisement

মহেশতলার এসডিপিও ধীমান দত্ত বলেন, এটাও ভাসানের আরেকটি পদ্ধতি। নিউল্যান্ডে যেখানে মণ্ডপ তৈরি হয়েছে, পরশু বৃহস্পতিবার বিকালে জল স্প্রে করে প্রতিমা নিরঞ্জন করা হবে। অতীতে মহেশতলায় এভাবে কোনো প্রতিমা বিসর্জন হয়নি। ফলে নিরঞ্জন দেখতে যে প্রচুর ভিড় হবে, সেব্যাপারে নিশ্চিত পুলিশ-প্রশাসন।  নিজস্ব চিত্র