নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টালা ব্রিজের নীচে পানীয় জলের পাইপলাইন ফেটে যাওয়ায় সোমবার সকাল থেকে দুর্ভোগ পোহাচ্ছেন বাসিন্দারা। ঘোষবাগান, পাইকপাড়া থেকে শুরু করে টালা ট্যাংক সংলগ্ন এলাকার বিভিন্ন জায়গায় কার্যত বানভাসি পরিস্থিতি। সকাল থেকেই শহরের উত্তর, মধ্য এবং দক্ষিণ কলকাতার বিভিন্ন অঞ্চলে জল সরবরাহ অল্পবিস্তর বিঘ্নিত হয়েছে। কলকাতা পুরসভা জানাচ্ছে, পানীয় জলের কোনো সংকট না দেখা দিলেও বহু জায়গায় জলের চাপ কম ছিল। তার জন্য কিছু জায়গায়, বিশেষ করে কলোনি অঞ্চলে জলের ট্যাংক পাঠিয়ে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। তবে পুরসভা সূত্রে খবর, পাইপ মেরামতি ও বিকল্প ব্যবস্থা করতে বেশ জটিলতার মুখে পড়তে হয়েছে তাদের। কারণ, ব্রিটিশ আমলের যে ৭২ ইঞ্চি ব্যাসের পাইপলাইনটি ফেটেছে, তার সঙ্গে অন্যান্য জল সরবরাহকারী পাইপের কোনো সংযোগ বা লিংক নেই। ফলে ওই পাইপলাইনের জলের ‘রুট’ বা অভিমুখ বদল করার সুযোগও নেই। সেই সংযোগকারী লাইন এখন তৈরি করতে হবে। যত দ্রুত সম্ভব এই কাজ শেষ করাটাই আপাতত পুরসভার চ্যালেঞ্জ। সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন পুর- প্রশাসক স্মিতা পাণ্ডে।
পাইপলাইন মেরামতির কাজ কীভাবে হবে? পুরসভার জল সরবরাহ বিভাগের আধিকারিকরা জানাচ্ছেন, সাধারণত পাশাপাশি দুটি জল সরবরাহকারী পাইপলাইনের মধ্যে একটি লিংকিং লাইন থাকে। কখনও কোনো একটি পাইপলাইনে বিপত্তি ঘটলে সেটি জলশূন্য (ডিওয়াটারিং) করে লিংকিং লাইনের মাধ্যমে অন্য পাইপলাইনের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে সেই সংযোগকারী পাইপলাইনই না থাকায় পরিস্থিতি জটিল হয়েছে। পুরসভা সূত্রে খবর, ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত পাইপটি জলশূন্য করা হয়েছে। তবে একবারের চেষ্টায় ওই পাইপে জল আসা বন্ধ না করে ধীরে ধীরে জলের চাপ কমিয়ে তা করা হয়েছে। কারণ, ওই পাইপ দিয়ে প্রচণ্ড বেগে জল যায়। ধীরে ধীরে জলের প্রেসার কমাতে গিয়ে প্রচুর জল বেরিয়ে এসে ভাসিয়ে দিয়েছে এলাকা। সংশ্লিষ্ট বিভাগের এক আধিকারিক বলেন, ‘ভাল্ভ বন্ধ করে পাইপলাইনটি আপাতত জলশূন্য করা হয়েছে। এই লাইনের জল ডাইভারশন (অভিমুখ বদল)-এর জন্য লিঙ্কিং লাইন না থাকায় তা অন্য পাইপে দিয়ে দেওয়ার সুযোগ নেই। তাই সোমবার রাত থেকে ডাইভারশন লাইন তৈরির কাজে হাত দেওয়া হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে তিন-চার দিনের মধ্যে এই সংযোগকারী লাইন তৈরি করে ফেলা যাবে বলে মনে করা হচ্ছে।’



