নৈহাটির বড়মা মন্দিরে ৫৫ হাজার ভক্তের পুজো, বারাসতে জনসমুদ্র
  • ১০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর ও বারাসত: কালীপুজোয় যে চেনা ভিড় দেখা যায় বারাসতে এবছরও তার অন্যথা হল না। ভিড়ে উপচে পড়ল উত্তর ২৪ পরগনার কালীনগরী। এর পাশাপাশি নৈহাটির বড়ো মা’র পুজো ঘিরে যে উন্মাদনা চোখে পড়ে তাও ছিল একইরকম। ৫৫ হাজারের মতো ভক্ত বড়ো মাকে পুজো দিয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। 

Advertisement

বড়ো মা মন্দিরে রাত দু’টোয় অঞ্জলি শুরু হয়। শেষ হয় ভোর সোয়া পাঁচটায়। গত তিনদিন লক্ষাধিক মানুষ দণ্ডি কেটেছেন। পুজো শেষে ২ হাজার কেজি ভোগ বিতরণ হয়েছে।  চোরবাগানের ঘটনার পর পুজো ঘিরে নিরাপত্তার কড়াকড়ি ছিল। বসানো হয়েছিল ২৮ টি লকগেট। প্রায় দু’হাজার পুলিশকর্মী নৈহাটি কার্যত ঘিরে রাখেন। ব্যস্ত আর বি সি রোডে দুপুরের পর যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পুলিশি কার্যকলাপের বাড়াবাড়ির অভিযোগ তুলে নৈহাটির গোপাল স্মৃতি সংঘের পুজো মণ্ডপ রবিবার সন্ধ্যায় কিছুক্ষণের জন্য অন্ধকার করে রাখে উদ্যোক্তারা। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ বাড়াবাড়ি করছে, আমাদের মণ্ডপে কেউ আসতে চাইলেও আসতে পারছে না। তাই প্রতিবাদ জানিয়ে আলো বন্ধ রাখা হয়। 
অন্যদিকে ভিড়ের চাপ থাকলেও বারাসতে আনন্দ সহকারে পুজো দেখেছে মানুষ। হাঁটতে হাঁটতে পা যেন চলতে চাইছিল না কারওরই। কেউ হাতপাখা দিয়ে ঘাম শুকোলেন, কেউ আবার জুতো খুলে ফোসকায় হাত বোলালেন, ভিড় কাটিয়ে মা-বাবার হাত ধরে চলেছে শিশুরা। হাতে লাল বেলুন। মাথার উপর আলোর তোরণ। চারদিকে মানুষের ঢল। ক্লান্তি আছে, হাঁপিয়ে ওঠা আছে, কিন্তু ঠাকুর দেখা থামেনি। সোমবার কালীপুজোর দ্বিতীয় দিন সন্ধ্যায় বারাসতের রাস্তায় এমনই অসংখ্য টুকরো টুকরো ছবি। বারাসতের অধিকাংশ বিগ বাজেট পুজো ১২ নম্বর জাতীয় সড়কের ধারে পাশে হয়। এ বছর ভিড়ের মানচিত্রে নতুন মাত্রা যোগ করেছে শ্রীকৃষ্ণপুর সাংস্কৃতিক চক্রের ‘অতল অনন্তম’। ভিড় সামলাতে তৎপর ছিল পুলিশ। ডাকবাংলো, চাঁপাডালি, হেলাবটতলা ও কলোনি মোড়ে ব্যারিকেড করে যান চলাচল নিয়ন্ত্রণ করে তারা। কলোনি মোড়ে নজরদারির জন্য উঁচু মঞ্চ তৈরি করে। বারাসত পুলিশ জেলার সুপার জে মার্সি বলেন, ‘সোমবার বিকাল থেকেই ভিড় হয়েছে। প্রতিটি মণ্ডপ এবং গুরুত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত পুলিশ ছিল।’
বারাসতের পাশাপাশি সোমবার নৈহাটিতেও জনস্রোত। রাজ্যে পালাবদলের পর পুজোর পরিবেশে বদল এসেছে। পরিচিত কিছু ব্যক্তিকে পুজোয় দেখা যায়নি। অনুপস্থিত মন্দিরের প্রধান পুরোহিত লালটু চক্রবর্তীও। তৃণমূল নেতারা অন্যান্যবার থাকতেন। এবার সে জায়গা নেয় গেরুয়া শিবিরের নেতারা। অন্যদিকে রবিবার রাতে নৈহাটিতে সিপিএমের বেশ কয়েকটি স্টল ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।