নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করে আক্রান্ত হলেন পুলিশকর্মীরাই! রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে নেতাজিনগর থানা এলাকায়। শুধু মারধর নয়, পুলিশের ইউনিফর্ম পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। রাহুল সিং ও মণীশ সিং নামে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, তিলজলা এলাকায় এই ধরনের একটি ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে থানা।
দীপাবলিতে নিষিদ্ধ শব্দবাজির দাপট রুখতে রাতভর শহরের রাস্তায় টহল দেয় পুলিশ। সেই মতো নেতাজিনগর এলাকায় এক সার্জেন্ট, সাব-ইনসপেক্টর ও কনস্টেবল টহল দিচ্ছিলেন। অভিযোগ, ওই এলাকায় বিকট শব্দে বাজি ফাটাচ্ছিলেন স্থানীয় কয়েকজন। কর্তব্যরত পুলিশকর্মীরা তাঁদের সেসব ফাটাতে নিষেধ করেন। কিন্তু ওই লোকজন তাতে কান দেয়নি। উলটে পুলিশকে ঘিরে ধরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। দুই অভিযুক্ত দাবি করে, তারা কোনো শব্দবাজি ফাটায়নি। যে বাজি ফাটাচ্ছে, তা নিষিদ্ধ নয়। এনিয়ে পুলিশের সঙ্গে তর্ক জুড়ে দেয় তারা। অফিসাররা বারবার অনুরোধ করার পরেও তারা কিছুতেই রাস্তা ছাড়ছিল না। এই সময় আচমকাই দুই অভিযুক্ত তিনজন পুলিশকর্মীকে মারধর শুরু করে। তাঁদের উর্দি ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে সেখানে পৌঁছায় বাড়তি পুলিশ ফোর্স। তারা দুই অভিযুক্তকে ঘটনাস্থল থেকে আটক করে। তিন পুলিশকর্মীর শারীরিক পরীক্ষা করানো হয়। তাঁদের অভিযোগের ভিত্তিতে নেতাজিনগর থানা পুলিশের কাজে বাধাদান, মারধরসহ একাধিক ধারায় মামলা রুজু করে রাহুল ও মণীশকে গ্রেপ্তার করে। দুজনের কাছ থেকে উদ্ধার হয়েছে চকোলেট বোম, রকেট বাজি। সোমবার তাদের আলিপুর আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী সাজ্জাদ আলি খান বলেন, ‘অভিযুক্তদের একটা কড়া বার্তা দেওয়া প্রয়োজন। তাদের বোঝা উচিত, কর্তব্যরত পুলিশকর্মীদের মারধর করলে কী হতে পারে।’ দুই ধৃতকে পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত।



