সংবাদদাতা, বারুইপুর: কাপড় তৈরির কারখানার জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ। এর জেরে বাড়িতে চড়াও হয়ে এক যুবককে শাবল ও রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তাঁরই খুড়তুতো ভাইদের বিরুদ্ধে। মৃতের নাম আব্দুল রাজ্জাক শেখ (৩৬)। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে, জয়নগর থানার উত্তর দুর্গাপুরের মুচিপাড়ায়। অভিযোগ, ৯-১০ জন মিলে এই ঘটনা ঘটিয়েছেন। জয়নগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। সন্ধ্যা পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। বারুইপুর পুলিশ জেলার এক অফিসার বলেন, কারখানার জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ থেকে এই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আব্দুল রাজ্জাক শেখ পেশায় লরিচালক। এর আগে তাঁর কাপড় তৈরির কারখানা ছিল। সেই কারখানা বন্ধ হয়ে যাওয়ায় তিনি গাড়িচালকের কাজ করছিলেন। তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা বিবি বলেন, এদিন সকালে স্বামী চা খেয়ে এসে সবে বাড়ি ঢুকেছে, তখন প্রতিবেশী ভাইরা ৯-১০ জন চড়াও হন। হঠাৎ এসে শাবল ও রড দিয়ে ওঁকে মারতে থাকেন। আমি বাঁচাতে গেলে আমাকেও ওঁদের স্ত্রীরা এসে মারেন। এরপরে স্বামী অচৈতন্য হয়ে গেলে আমি লোকজনদের ডেকে তাঁকে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাই। কিন্তু শেষ রক্ষা হয়নি। সেখানে ওর মৃত্যু হয়।তাঁর স্ত্রী আরও বলেন, রাতে বাড়ি ফিরে মদ্যপ অবস্থায় ওঁদের গালিগালাজ করেছিল। কারণ ওরা কারখানার জমি নিয়ে নিয়েছে। রাতে কিছু হয়নি। কিন্তু এরপরে সকালে ওরা এসে পিটিয়ে মারে স্বামীকে।



